বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সোহেল রানা-সাবিনা ইয়াসমিনসহ চলচ্চিত্রের ১০ জন পেলেন বিশেষ সম্মাননা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ এএম

শেয়ার করুন:

সোহেল রানা-সাবিনা ইয়াসমিনসহ চলচ্চিত্রের ১০ জন পেলেন বিশেষ সম্মাননা 

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে রাজধানীর এফডিসিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশেষ আয়োজনে চলচ্চিত্রে অসামান্য অবদান রাখা বরেণ্য নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এছাড়াও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট প্রযোজক, পরিচালক ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

বাংলা চলচ্চিত্রের সমৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখার জন্য এবছর বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়েছে। এর মধ্যে সংগীতে অসামান্য অবদানের জন্য কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।  এ ছাড়া চলচ্চিত্রে অবদানের জন্য বরেণ্য পরিচালক কাজী হায়াত, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল এবং আওকাত হোসেনকে সম্মাননা জানানো হয়। 

এদিকে দুই শতাধিক চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে বাংলা চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেওয়ার স্বীকৃতিস্বরূপ ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। 

সম্মাননা পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফরিদুর রেজা সাগর বলেন, ‘চলচ্চিত্র পরিচালক সমিতি ও মন্ত্রী মহোদয়দের প্রতি কৃতজ্ঞতা জানাই। এভাবে আমরা সবাই একত্রিত থাকলে আমাদের চলচ্চিত্র আরও এগিয়ে যাবে।’

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন বলেন, ‘অনেক পরিচালকের সঙ্গে এই প্রজন্মের অনেকের যোগাযোগ নেই। যারা গুণী নির্মাতা, তাদের চলচ্চিত্র আমাদের চলচ্চিত্রকে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে। এ কারণে পরিচালক সমিতি গুণীজনদের সম্মাননা দিয়েছে।’  

অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক পর্বে চিত্রনায়িকা দিঘী নৃত্য পরিবেশন করেন। এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল সুরের মূর্ছনায় উপস্থিত সবাইকে মাতিয়ে তোলেন।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর