রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে শুরু হয়েছে তিন প্রজন্মের তিন শিল্পীর অংশগ্রহণে যৌথ চিত্র প্রদর্শনী ‘Continuum—ধারাবাহিকতা’। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
প্রদর্শনীতে অংশ নিয়েছেন চিত্রশিল্পী মোহাম্মদ নাজমুল হক বাপ্পি, কারু তিতাস ও সিদ্ধার্থ তালুকদার। তিন প্রজন্মের তিন শিল্পীর শিল্পভাবনা, নিজস্ব শৈলী ও বিভিন্ন সময়ে সৃষ্ট শিল্পকর্মের সমন্বয়ে সাজানো হয়েছে এ আয়োজন।
‘Continuum’ অর্থ ধারাবাহিকতা—সময়ের প্রবাহে শিল্পের পরিবর্তন, বিকাশ এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সৃজনশীল ভাবনার সংযোগকে ধারণ করে প্রদর্শনীর এই নামকরণ। এতে তিন শিল্পীর বিভিন্ন সময়ের নির্বাচিত কাজ স্থান পেয়েছে। ফলে দর্শকের সামনে উঠে এসেছে শিল্পচর্চার ভিন্ন সময়, অভিজ্ঞতা ও নান্দনিক অনুসন্ধানের বৈচিত্র্য।
চিত্রশিল্পী মোহাম্মদ নাজমুল হক বাপ্পি দীর্ঘদিন ধরে দেশ ও বিদেশে শিল্পচর্চা ও প্রদর্শনীর সঙ্গে যুক্ত। প্রকৃতি, আলো-ছায়া, স্মৃতি ও মানবিক অনুভূতি তার শিল্পকর্মের অন্যতম অনুষঙ্গ। বাংলাদেশ ছাড়াও লন্ডন, ইতালি, চীনসহ বিভিন্ন দেশে তার শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। এ পর্যন্ত তিনি ১১টি একক প্রদর্শনী করেছেন এবং দেশে-বিদেশে বহু দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
তিন প্রজন্মের শিল্পীদের শিল্পভাষা ও সময়ের বিবর্তনকে একই পরিসরে দেখার সুযোগ তৈরি করেছে ‘Continuum—ধারাবাহিকতা’। শিল্পপ্রেমী ও দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত রয়েছে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ভূমি গ্যালারিতে অনুষ্ঠিত হবে প্রদর্শনীর আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান।




