মাস তিনেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি। গলার সমস্যায় আক্রান্ত হয়ে কথা বন্ধ হয়ে যায় তার। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানান। এবার এক ভিডিও বার্তায় জানালেন অস্ত্রোপচার করাতে হবে গলায়।
অমি জানান চিকিৎসক সার্জারি করার পরামর্শ দিলেও আপাতত অপারেশনের টেবিলে যাচ্ছেন না তিনি। ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ দাড়ি না টেনে ছুরিকাঁচির নিয়ে যাবেন না পরিচালক। কেননা এই মুহূর্তে অস্ত্রোপচার করলে লম্বা সময় ব্যাচেলর পয়েন্ট থেকে দূরে থাকতে হবে। এতে ওটিটিতে নিয়ম করে ধারাবাহিকটি প্রচার অসম্ভব হয়ে পড়বে।
অমির কথায়, ‘এই অবস্থায় সার্জারি করলে লম্বা সময় আমাকে সবকিছু থেকে দূরে থাকতে হবে। এজন্য সিদ্ধান্ত নিয়েছি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ করে তারপর সার্জারি করাবো। সবার কাছে দোয়া চাই, যেন সিরিয়াল শেষ করে সফলভাবে সার্জারি সম্পন্ন করে সুস্থ হতে পারি।’
গেল জুনে শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। গলা দিয়ে আওয়াজ বের না হওয়ায় তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তাঁর গলার ভেতরে সিস্টের (একধরনের তরলপূর্ণ থলি বা ফোস্কা) উপস্থিতি শনাক্ত করেছেন।
সে সময় নিজের ফেসবুকে নির্মাতা লিখেছিলেন, ‘হঠাৎ করে গলায় তীব্র অস্বস্তি অনুভব করছিলাম। আস্তে আস্তে আমার কণ্ঠস্বর যেন মিলিয়ে যেতে থাকে। আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না। যেখানে একটি আনন্দের মুহূর্ত থাকার কথা ছিল, সেখানে হঠাৎ করে আমি খুব ভয় পেয়ে যাই। কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না।’
কিছুদিন পর শুটিংয়ে ফিরলেও সমস্যাটি বয়ে বেড়াতে হচ্ছে অমিকে। এ থেকে নিস্তার পেতে শুতে হবে অপারেশনের টেবিলে। সিরিয়ালটি শেষ হলেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারে যাবেন নির্মাতা।
আরআর




