ইতালির ভেনিসে একটি পার্কে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে। এমনকি তাঁকে শারীরিকভাবে আঘাত করেছে।
বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি যোগ করেন, ‘একজন নারী তথা জুলাই যোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা প্রমাণ করে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের সামান্যতম অনুশোচনা হয়নি। সেহেতু এ সন্ত্রাসীদের জন্য আমাদের মনেও কখনও সামান্যতম সহানুভূতি জাগ্রত হবে না। কঠোর হাতে দমন করা হবে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।’
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক ভিডিওবার্তায় বাঁধন অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে।
বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং পুরো ঘটনাটি ভিডিও ধারণ করেন। তাকে গালাগালও করা হয়। হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালিয়েছেন বলেও দাবি করেন তিনি।
ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ‘তিনি ভেনিস চলচ্চিত্র উৎসবে যে দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমা নিয়ে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেনের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন।
জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন উল্লেখ করে বাঁধন বলেন, ‘এ ধরনের আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল।’
বাঁধন আরও বলেন, ‘তার গায়ে হাত তোলা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন শিল্পীকে এভাবে হেনস্তা করে নিজেদের অবস্থান শক্তিশালী করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।’
সজীব ওয়াজেদ জয়কে বিষয়টি জানানোর আহ্বান জানিয়ে বাঁধন বলেন,‘ তিনি আশা করেন বিষয়টি তার কাছে পৌঁছাবে।’
বর্তমানে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সঙ্গে ইতালির মেস্ট্রে অবস্থান করছেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত‘ দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল।
ইএইচ/




