বলিউড র্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের পর বিগ বসের ঘরে নাম লিখিয়েছেন ইশা রিখি। এরইমধ্যে প্রমোতে অভিনেত্রীর মুখ দেখে সরগরম সামাজিক মাধ্যম। এবার জানা গেল রিখির বিচ্ছেদ পরবর্তী জীবনের জন্য সালমান খানের পরামর্শ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘বিগ বস্’-এ প্রবেশ করার সঙ্গে সঙ্গে ইশাকে সালমান খান জীবন সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “সবার জীবনে বিচ্ছেদ হয়। এবার এগিয়ে যাওয়ার পালা।”
এর আগে বিগ বসের ২০তম আসরের প্রমোতে ইশাকে বলতে শোনা যায়, “যখন কারও হৃদয় ভেঙে যায়, তখন সেই যন্ত্রণা সামলানো সহজ নয়। চোখেমুখে আবেগের উপস্থিতি ছিল লক্ষণীয়। এক পর্যায়ে তা সংবরণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।
বাদশার সঙ্গে মাখ মাখো প্রেমের বিয়ে পাঁচ মাসেই ভেঙেছে রিখির। দিন কয়েক আগে ইনস্টাগ্রামে বাদশার সঙ্গে বিচ্ছেদ সম্পর্কে জানান ইশা। এক বিবৃতিতে জানান, পারস্পরিক বোঝাপড়া ও পূর্ণ সম্মানের মাধ্যমে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
চলতি বছরের মার্চ মাসে পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাদশা ও ইশা। যদিও দীর্ঘ সময় সম্পর্কটি আড়ালে রাখার পর চলতি বছরের জুন মাসে ইনস্টাগ্রামের একটি ‘আস্ক মি এনিথিং’ সেশনে ইশা প্রথমবার তাঁদের বিয়ের কথা স্বীকার করেছিলেন। কিন্তু বিয়ের পর পরই ছন্দপতন ঘটে। গত জুলাই মাস থেকে তাঁদের দাম্পত্য কলহ নিয়ে গুঞ্জন শুরু হয়।
গত ২৬ জুলাই ইশা তাঁর ও বাদশার কিছু ছবি ও ভিডিওর একটি কোলাজ শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘প্রতিটি ঝড় একটি শিক্ষা দেয়। প্রতিটি প্রার্থনাই আশা’। এর সঙ্গে একটি ভাঙা মন ও হাত জোড় করার ইমোজি যুক্ত করেন।
আরআর




