প্রিয় তারকার মৃত্যুশোক সইতে না পেরে ভক্তদের আত্মহত্যার ঘটনা খুবই কম। বিশ্বের হাতেগোনা কয়েকজনের বেলায় এরকম ঘটেছে। তাদের একজন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান। এ খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে ডজনখানেকের মতো আত্মহত্যা ও অসুস্থতার খবর উঠে আসে খবরের কাগজে।
১৯৯৬ সালের ৮ সেপ্টেম্বর দৈনিক ভোরের কাগজের একটি প্রতিবেদনে উঠে আসে নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের লিপি নামের এক ছাত্রীর আত্মহত্যার খবর। ওই প্রতিবেদনে বলা হয়, ৭ সেপ্টেম্বর শনিবার রাত আটটার দিকে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সালমানভক্ত নবম শ্রেণীর ছাত্রী লিপি রানি সাহা। ১৫ বছর বয়সী লিপির বাড়ি শহরের পাতিলবাড়ি রোড গ্রামে।
মৃত্যুর সময় লিপির বুকে সালমান শাহর একটি ছবি ও হাতে একটি চিরকুট ছিল। ওই চিরকুটে লেখা ছিল, ‘আমি আর বাঁচতে চাই না। সালমান শাহ যেভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমিও সেভাবে বিদায় নিলাম’।
একই দিনে ভোরের কাগজের প্রতিবেদনে উঠে আসে, চিত্রনায়ক সালমানের মৃত্যু সংবাদে গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর, ১৯৯৬) দুপুরে ঈশ্বরদীতে দুলু খাতুন (১৩) নামের এক স্কুলছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। আধঘণ্টা পর তার জ্ঞান ফেরে।
সালমানের মৃত্যুর পর এরকম বেশ কয়েকটি আত্মহত্যা ও অসুস্থ হয়ে যাওয়ার সংবাদ প্রকাশ হয়েছিল বিভিন্ন পত্রিকায়।
আরআর




