কবে আসবে ‘মহানগর ৩’— কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ৩ বছর ধরে অপেক্ষা করেও ওসি হারুনের দেখা পাচ্ছেন না দর্শক। সম্প্রতি ওয়েব সিরিজটির নির্মাতা আশফাক নিপুণ ইঙ্গিত দিয়েছেন সিরিজটির চিত্রনাট্যের কাজ চলছে। এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশ জানাল শিগগিরই ‘মহানগর ৩’ নিয়ে ঘোষণা আসবে।
এর আগে প্ল্যাটফর্মটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাকিব আর খান সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সিরিজটির গল্প তৈরি। এদিকে নিপুণের ইঙ্গিত চিত্রনাট্যের কাজ চলছে। দুটি প্রসঙ্গ নিয়ে প্ল্যাটফর্মটির কমিউনেকেশন অ্যান্ড পিআর ম্যানেজার তানজিনা রহমান ঢাকা মেইলকে বলেন, ‘‘মহানগর ৩’ প্রক্রিয়াধীন। সময় ও প্রেক্ষাপট অনুযায়ী গল্পে কিছু পরিবর্তন এসেছে। সেসব নিয়ে কাজ চলছে। শিগগিরই মহানগর ৩ নিয়ে বড় ঘোষণা আসতে যাচ্ছে।’’
এদিকে বিভিন্ন সময় হইচইয়ের ঘোষিত আরও কয়েকটি সিরিজ ও সিনেমা আলোর মুখ দেখেনি। সেগুলোর ভবিষ্যৎ জানতে চাইলে তানজিনা বলেন, ‘হইচইয়ের বিভিন্ন সময় ঘোষণা দেওয়া কনটেন্টগুলোর অধিকাংশই যথাসময়ে মুক্তি পেয়েছে। কিছু আটকে আছে। সময় পরিস্থিতির কারণে হয়তো আলোর মুখ দেখেনি। তবে সেগুলো যে আসবে না তা বলছি না। সময় সুযোগ অনুযায়ী হয়তো আসবে।’
এ সময় নতুন কনটেন্টের খবর দিয়ে তিনি বললেন, ‘হইচইয়ের দর্শকদের একটি সুখবর দিতে চাই। এ বছর তাদের জন্য আরও একটি সিনেমা ও সিরিজ আসছে। এখনই বিস্তারিত জানাতে পারছি না। পাশাপাশি আগামী বছর থাকছে বড় একটি ঘোষণা।’
হইচইয়ের ঝুলে থাকা কনটেন্টগুলোর মধ্যে রয়েছে ‘মিথ্যাবাদী’, ‘ডেল্টা ২০৫১’, ‘ভালো থাকিস বাবা’, ‘কাইজার ২’। যদিও সম্প্রতি তানিম নূর জানিয়েছেন কাইজারের সিক্যুয়েল আসছে না। অন্যদিকে মহানগর ৩ মুক্তি পায় ২০২৩ সালে। এতে ওসি হারুন চরিত্রে ছিলেন মোশাররফ করিম।
আরআর




