রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

'পাতার বাঁশরি’র ভিডিও নির্মাণ প্রতিষ্ঠানের কর্ণধারের দাবি

'ক্ষয়ক্ষতির যে ছবি দেখানো হচ্ছে, তা শুটিংয়ের আগে থেকেই ছিল’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

'ক্ষয়ক্ষতির যে ছবি দেখানো হচ্ছে, তা শুটিংয়ের আগে থেকে ছিল’

কোক স্টুডিওর প্রকাশিত 'পাতার বাঁশরি’ জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে থাকলেও এবার নিতে হচ্ছে সমালোচনার দায়। সম্প্রতি অভিযোগ উঠেছে গানটির শুটিং করতে গিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদার বাড়ির মূল ভবনের বেশ কয়েকটি অংশ ভেঙে পড়েছে। মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন প্রায় ৫০০ বছরের পুরনো এ স্থাপনা দ্রুত সংস্কার ও ঘটনার তদন্তের দাবি জানিয়েছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।

বিষয়টি নিয়ে কোক স্টুডিও কোনো বিবৃতি দেয়নি। তবে মুখ খুলেছেন পাতার বাঁশরির ভিডিও নির্মাণকারী প্রতিষ্ঠান ইন্ডি রিলসের কর্ণধার দিদারুল ইসলাম শিশির। আজ রোববার নিজের ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে সরদার বাড়ির মূল ভবনের বেশ কয়েকটি ছবি যুক্ত করেছেন। 

‘কোক ষ্টুডিও বাংলা- সোনারগাঁও মিউজিয়াম বড় সরদার বাড়ি’ শিরোনামে দেওয়া ওই পোস্টের শুরুতেই দিদারুল ইসলাম শিশির লেখেন, ‘ইন্ডি রিলস’ (Indie Reels) সর্বদা পেশাদারিত্ব এবং সর্বোচ্চ দায়বদ্ধতা বজায় রেখে কাজ করতে বিশ্বাসী। যেকোনো স্থানে কাজ করার পূর্বে আমরা প্রয়োজনীয় সকল অনুমতি গ্রহণ করি এবং স্থানটির সার্বিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ নিশ্চিত করি।’

'পাতার বাঁশরি’র ক্ষেত্রেও ব্যতিক্রম হয় বলে জানান শিশির। লেখেন, ''কোক স্টুডিও বাংলার 'পাতার বাঁশরি’ গানটির চিত্রধারণের জন্য আমরা ঐতিহাসিক নিদর্শন ‘বড় সরদার বাড়ি, সোনারগাঁও মিউজিয়াম’কে নির্বাচন করি। আমাদের মূল উদ্দেশ্য ছিল এই ঐতিহ্যবাহী স্থানটিকে নতুন আঙ্গিকে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা।’’

তার কথায়, 'ঐতিহ্যবাহী স্থাপনার স্পর্শকাতরতা মাথায় রেখে আমরা অত্যন্ত সতর্কতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে কাজের পরিকল্পনা করি। কাজ শুরুর ঠিক পূর্বে পুরো স্থাপনাটির ছবি ও ভিডিও চিত্র ধারণ করে রাখা হয়, যেন পরবর্তী সময়ে প্রমাণস্বরূপ উপস্থাপন করা যায় যে আমাদের কাজের ফলে স্থাপনাটির কোনো ক্ষতি সাধিত হয়নি। চিত্রধারণের পূর্বের এবং পরের স্পষ্ট ফুটেজ ও ছবি এখনও আমাদের কাছে সংরক্ষিত রয়েছে।’

এরপর লেখেন, 'পুরো কাজ চলাকালীন এবং এর পূর্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিরা সরজমিনে স্থানটি পর্যবেক্ষণ করেছেন। শুটিং সফলভাবে সম্পন্ন করার পর আমরা স্থানটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দিই এবং সোনারগাঁও মিউজিয়াম কর্তৃপক্ষ আমাদের আনুষ্ঠানিকভাবে একটি ছাড়পত্র প্রদান করে। উক্ত পত্রে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে, আমাদের কাজের মাধ্যমে সেখানকার ঐতিহ্য বা অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি।’

পুরনো ছবি ব্যবহার এবং ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে দাবি করে তিনি লেখেন, 'দুঃখজনকভাবে, সম্প্রতি কিছু অসম্পূর্ণ বা পুরনো ছবি ব্যবহার করে ভিত্তিহীন এবং মিথ্যা খবর প্রচার করা হচ্ছে, যেখানে তথ্যের কোনো সত্যতা যাচাই করা হয়নি। যে ফাটল বা ক্ষয়ক্ষতির ছবি দেখানো হচ্ছে, তা আমাদের শুটিংয়ের আগে থেকেই বিদ্যমান ছিল, যার স্পষ্ট প্রমাণ আমাদের সংগ্রহে রয়েছে এবং সোনারগাঁও মিউজিয়াম কর্তৃপক্ষও এ বিষয়ে সম্পূর্ণ অবগত।’

সবশেষে ইন্ডি রিলসের কর্ণধার আহ্বান জানান, 'যেকোনো সংবাদ প্রকাশের পূর্বে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থেকে সোনারগাঁও মিউজিয়াম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন এবং সরজমিনে সত্যতা যাচাই করে সঠিক তথ্য উপস্থাপন করুন। দেশের ঐতিহাসিক ঐতিহ্য রক্ষা এবং তা সঠিকভাবে উদযাপনে সাংবাদিক ও শুভানুধ্যায়ী সবার কাছ থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করি।’

এর আগে শনিবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস অভিযোগ আনেন, 'পাতার বাঁশরি’র শুটিংয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক বড় সরদার বাড়ির মূল ভবনের বেশ কয়েকটি অংশ ভেঙে পড়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরে থাকা ঐতিহাসিক বড় সরদার বাড়িটি সম্প্রতি শুটিংয়ের জন্য কোক স্টুডিওর কাছে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়। শুটিং শেষে স্টুডিও কর্তৃপক্ষ তাদের অস্থায়ী স্থাপনাগুলো খুলে নেওয়ার সময় সরদার বাড়ির মূল ভবনের বেশ কয়েকটি স্থান ভেঙে পড়ে। এতে ঐতিহাসিক স্থাপনাটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তারা। তারই পরিপ্রেক্ষিতে মুখ খুললেন দিদারুল ইসলাম শিশির। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর