বর্তমানে ভিন্ন ঘরানার ৫টি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে। পারিবারিক বন্ধন ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘মনের মতো মন’ নাটকে ইয়াশ-নাজনীন নীহার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। পাশাপাশি আরশ-সুনেরাহ-মোশাররফ করিমসহ একাধিক তারকার নাটক চলতি সপ্তাহে দর্শকের চাহিদার তুঙ্গে ছিল।
মনের মতো মন
ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকটি প্রকাশিত হয় ২০ আগস্ট। ইউটিউবে আপলোড হওয়ার পর এটি ট্রেন্ডিংয়ে চলে আসে। ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটির ‘মনের মতো মন’ এখন পর্যন্ত ইউটিউবে সবার শীর্ষে অবস্থান করছে। ৮ দিনে নাটকটি দেখেছে প্রায় সাড়ে ৮৩ লাখ মানুষ। নাটকে আরও অভিনয় করেছেন সানজিদা হিমু, জয় সরকার বাপ্পী, দস্তগীর শান, আজিজুল হাকিম, কাচি খন্দকার ও চিত্রলেখা গুহ।

আসামি কেন স্বামী
নাজমুল রনির পরিচালনায় এবং নিলয় আলমগীর ও সামিরা খান মাহি অভিনীত ‘আসামি কেন স্বামী’ ইউটিউব ট্রেন্ডিংয়ে দারুণ সাফল্য পেয়েছে। মুক্তির ৮ দিনে নাটকটি দেখেছেন ৩১ লাখের বেশি দর্শক। বর্তমানে ইউটিউব জনপ্রিয়তার বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জাভেদ গাজী, আশরাফুল আশীষ, বাশার বাপ্পী ও সেজুতি খন্দকার।

সুবিধাবাদী
মহিন খান পরিচালিত ও মোশাররফ করিম অভিনীত নাটকটি গত ২০ আগস্ট প্রকাশ পায়। মুক্তির পর থেকেই নাটকটি ট্রেন্ডিংয়ে অবস্থান করছে। কনটেন্টের বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির স্থান ৩ নম্বরে! নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে (লেখার ধারাবাহিকতা অনুযায়ী)। ৮ দিনে প্রায় ২৫ লাখ বার দেখা হয়েছে। মোশাররফের বিপরীতে এতে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি।

তুমি দূরত্ব চেয়োনা
এরপরই রয়েছে নির্মাতা মোহন আহমেদের নাটক ‘তুমি দূরত্ব চেয়োনা’। ২০ আগস্ট নাটকটি প্রকাশ পায়। এটি রয়েছে চতুর্থ স্থানে, যা ৮ দিনে ১৮ লাখের বেশি দর্শক দেখেছে। আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন রকি খান, মায়া রহমান, এস এইচ মামুন ও নাইম রেজা কথাসহ অনেকে।

হেড মাস্টার
ঢাকা থেকে রসুলপুর গ্রামে বদলি হয়ে আসা এক আদর্শবাদী প্রধান শিক্ষকের গল্প নিয়ে নির্মিত ‘হেড মাস্টার’। গত ২৬ আগস্ট প্রকাশ পায় নাটকটি। মুক্তির প্রথম দিনেই ইউটিউবের ট্রেন্ডিংয়ে চলে এসেছে। নাটকের গল্প এগিয়ে গেছে আবুল হায়াতকে কেন্দ্র করে। পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামীম।
ইএইচ/




