বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

৫০০০ পর্বে ‘রাঙা সকাল’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

৫০০০ পর্বে ‘রাঙা সকাল’

২০১১ সালের ৩০ জুলাই ‘রাঙাতে এলো মাছরাঙা’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে মাছরাঙা টেলিভিশন। শুরু থেকেই দর্শকদের জন্য ইতিবাচক, সৃজনশীল ও ভিন্নধর্মী অনুষ্ঠান উপহার দেওয়ার প্রত্যয়ে কাজ করে আসছে চ্যানেলটি। সেই ভাবনার অন্যতম প্রতিফলন ‘রাঙা সকাল’।

মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর পরিকল্পনায় চ্যানেলটির যাত্রার প্রথম দিন থেকেই বিরতিহীনভাবে প্রচারিত হয়ে আসছে অনুষ্ঠানটি। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন সকাল ৭টায় প্রচারিত ‘রাঙা সকাল’ আগামী ২৯ আগস্ট, শনিবার পূর্ণ করছে তার ৫০০০তম পর্ব। 

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আলোকিত মানুষদের নিয়ে নির্মিত এই জীবনীভিত্তিক অনুষ্ঠানে ইতোমধ্যে অতিথি হয়েছেন ৮ হাজারেরও বেশি বিশিষ্ট ব্যক্তি। উল্লেখযোগ্য বিষয় হলো, এই দীর্ঘ যাত্রায় প্রায় সব অতিথিই মাত্র একবার করে ‘রাঙা সকাল’-এর আয়োজনে অংশ নিয়েছেন। 

৫০০০তম পর্ব উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং ‘রাঙা সকাল’-এর পরিকল্পক অঞ্জন চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান ও খালেদা আক্তার। প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল। 

৫০০০তম পর্বের বিশেষ আয়োজনে অঞ্জন চৌধুরী বলেন, “আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নানা ধরনের খবর দেখি। এর মধ্যে নেতিবাচক খবরগুলো অনেক সময় আমাদের পুরো দিনটির আবহই নষ্ট করে দেয়। সেই ভাবনা থেকেই চেয়েছি, ‘রাঙা সকাল’ এমন একটি অনুষ্ঠান হোক, যার মাধ্যমে সকালে ঘুম থেকে উঠে মানুষ একটি ইতিবাচক বাংলাদেশের চিত্র দেখতে পাবে। যে অনুষ্ঠান দেখে সারাদিন সবার প্রতিটি মুহূর্ত ভালো কাটবে। তবে এই দীর্ঘ যাত্রা কখনোই সফল হতো না, যদি মাছরাঙা টেলিভিশনের সকল কর্মীবৃন্দ এবং আমাদের অতিথিরা আন্তরিকতার সঙ্গে এই আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ না করতেন। ‘রাঙা সকাল’-এর ৫০০০তম পর্বের এই বিশেষ দিনে তাঁদের প্রত্যেকের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই।”

৫০০০তম পর্ব পূর্তি উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) মাছরাঙা টেলিভিশন প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বিশেষ মিলনমেলার। উপস্থিত থাকবেন অনুষ্ঠানটির সঙ্গে জড়িত মানুষজন।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর