ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার হয়েছেন নাইজেরিয়ার জনপ্রিয় গায়ক ও নৃত্যশিল্পী ইওয়ে পাস্কাল ওডিনাকা। যিনি ‘পোকো লি’ নামে বেশি পরিচিত। নাইজা নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত কথিত ভুক্তভোগীর পরিচয় ও ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি। এমনকি যুক্তরাজ্যের কর্তৃপক্ষ কিংবা গায়কের ম্যানেজমেন্টের পক্ষ থেকেও এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মার্কিন গায়িকা মিস জর্জি গায়কের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। তিনি বলেন, ডালাসে পোকো লি আমার সাথে জঘন্য কাজটা করার চেষ্টা করেছিল। আমি আর আমার বন্ধু ওঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি যখন ওঁকে গানের ডেমোটা শোনাচ্ছিলাম তখন পোকো আমার শরীরের গোপন স্থানে হাত দেয়। তারপর জামাকাপড় ধরে টানতে শুরু করে। তাঁর উচ্চতা বেশি হওয়ায় তাঁকে আটকানো সম্ভাব হচ্ছিল না।’
মিস জর্জি অন্য একটি ভিডিওতে দাবি করেন, বর্তমানে পোকো লি ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যের একটি কারাগারে আটক রয়েছেন। তিনি আক্ষেপ করে জানান, নিজের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আরও আগে মুখ খোলা উচিত ছিল তাঁর।
খোঁজ নিয়ে জানা গেছে, পোকো লির ইনস্টগ্রামে ৬০ লাখের বেশি অনুসারীর রয়েছে।
ইএইচ/




