সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ইউটিউব ভিউয়ে শীর্ষে থাকা ১০ গানের তালিকা। যেখানে প্রথম স্থান দখল করে আছে আরমান আলিফের ‘অপরাধী’। আট বছর আগে প্রকাশিত গানটির দর্শক সংখ্যা এখন ৪৫০ মিলিয়ন তথা ৪৫ কোটি। এতে উচ্ছ্বসিত গায়ক।
সে উচ্ছ্বাস প্রকাশ করে ঢাকা মেইলকে বললেন, ‘‘অপরাধী’র এ সাফল্যে আমার অনুভূতি দারুণ। এখনও যে গানটি শীর্ষস্থান ধরে রেখেছে এ জন্য ভীষণ আনন্দিত আমি।’’

২০১৮ সালে আরমান আলিফের কথা-সুর-কণ্ঠে প্রকাশ পায় গানটি। লুফে নেন শ্রোতারা। বর্তমান ভিউয়ের সংখ্যা বলে দেয়, শ্রোতাদের সে উন্মাদনা আজও আগের মতো। তাদের উদ্দেশে গায়কের বার্তা, ‘এভাবেই ভালোবেসে যান। দোয়া করবেন নিজেই যেন নিজের রেকর্ডটি ভাঙতে পারি।’
এদিকে ভিউয়ের শীর্ষে থাকা ‘অপরাধী’সহ দশ গান নিয়ে পড়েছেন সমালোচকরা। তবে এ নিয়ে মাথা ঘামান না গায়ক। বললেন, ‘সমালোচনা দেখার টাইম নাই। কে কী সমালোচনা করছে— আগে দেখতাম। সেসব দেখে ডিপ্রেশনে চলে যেতাম। আর গান করতে ইচ্ছা করত না। এ কারণে সমালোচনা দেখা বাদ দিয়েছি।’

আরমান আলিফ মনে করেন নিজেদের হতাশা ও ব্যর্থতার জায়গা থেকে অন্যের গান নিয়ে কাটা-ছেঁড়া করেন সমালোচনাকারীরা। বিষয়টিকে ‘পিছু লোকে কিছু বলে’ হিসেবে দেখেন তিনি। সমালোচনাকারীদের উদ্দেশে তার আহ্বান, অন্যের সৃষ্টিকর্মকে ইতিবাচক ভাবে দেখার। বললেন, ‘অন্যের কাজকে ইতিবাচক ভাবে দেখুন। তাহলে দিন শেষে নিজেরাই মানসিক শান্তিতে থাকবেন।’
গান নিয়েই যত ব্যস্ততা আরমান আলিফের। নিয়মিত গান প্রকাশ করছেন। মুক্তি অপেক্ষায় রয়েছে একগুচ্ছ নতুন গান। পড়ার টেবিলেও সংগীত টেনে নিয়েছেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতক শেষের দিকে তার।
আরআর




