বলিউডে চলছে ‘আওয়ারাপান’ উন্মাদনা। সিনেমাটির সিক্যুয়েল দেখতে লাইন ধরছেন দর্শক। সেখানেই বিপত্তি। ‘আওয়ারাপান ২’ দেখতে গিয়ে সিনেমা হলে ভোগান্তির মুখে দর্শকরা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভারতের গাজিয়াবাদের একটি প্রেক্ষাগৃহে এ ঘটনা ঘটেছে। সিনেমা চলাকালীন আচমকা বন্ধ হয়ে যায় এসি। ফলে হলের ভেতর বাড়তে থাকে গরম ও অস্বস্তি। পর্যাপ্ত বাতাস চলাচল না করায় বেশ কয়েকজন দর্শকের শ্বাস নিতে সমস্যা হয় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি এতটাই অসহনীয় হয়ে ওঠে যে, অনেকে মাঝপথে বেরিয়ে আসেন।

এ ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন দর্শকরা। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের পরিষেবা ও ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ আনেন। তাঁদের দাবি, চরা দামে টিকিট কেনার পরও এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিতে দেখা যায়নি। যা দর্শকের মতে ‘দায়িত্বজ্ঞানহীন’।
মুক্তির আগে থেকেই ছবিটির জন্য অধীর আগ্রহে ছিলেন দর্শক। মুক্তির পর হুমড়ি খেয়ে পড়েন তারা। ফলে মুক্তির প্রথম ৩ দিনে ১০০ কোটি রুপির বেশি তুলে নেয় সিনেমটি। এরমধ্যে ভারত থেকেই আয় করে ৮১ কোটি ৭৫ লাখ রুপি।

২০০৭ সালে মুক্তি পায় ‘আওয়ারাপান’। সে সময় বেশ সাড়া ফেলে ছবিটি। ১৯ বছর পর মুক্তিপ্রাপ্ত সিক্যুয়েলের উন্মাদনা ছাড়িয়েছে প্রথম পর্বকে। এতে ইমরান হাশমি ছাড়াও অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি প্রমুখ।
আরআর




