দক্ষিণী সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’-এর প্রথম গান ‘তাবাহি’ মুক্তির পর থেকে শুরু হয়েছে তুমুল আলোচনা। গানটিতে অভিনেতা যশ ও বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির বেশকিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। দৃশ্যগুলোর কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে কিয়ারাকে। এমনকি গানটিকে কটাক্ষ করে কন্ডোমের বিজ্ঞাপনের সঙ্গেও তুলনা করেছেন নেটিজেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা যশ।
জনপ্রিয় টিভি শো ‘আপ কি আদালত’-এ হাজির হয়ে যশ বলেন, ‘যদি কখনও কন্ডোমের বিজ্ঞাপন করতে হয় তবে টাকা নিয়ে করব। বিনামূল্যে করব না!’
সিনেমার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যশ জানান, সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত সে কথা শুরু থেকে বলা হয়েছিল। যশের ভাষ্য, ‘শিল্প সবসময় মানুষের মনে অস্বস্তিকর প্রশ্ন তোলে। আমরা তো শুরু থেকে বলে আসছি এটি বড়দের জন্য তৈরি একটি রূপকথার গল্প। যারা বয়সে এখনও শিশু, তাদের এই সিনেমা থেকে একটু দূরে থাকা ভালো।’
এর আগে বেঙ্গালুরুতে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন যশ। সে সময় কিয়ারা আদভানির কাজের প্রশংসা করেন তিনি। নেতিবাচক সমালোচনা প্রসঙ্গে যশ বলেন, ‘অনেক সময় মানুষ একটু আধুনিক বা সময়ের চেয়ে এগিয়ে থাকা বিষয়গুলো সহজে মেনে নিতে পারে না। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবাই সঠিক মূল্যায়ন করবে।’
সিনেমায় অশ্লীলতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন যশ। অভিনেতা জানান, গানে আপত্তিকর কিছু রাখা হয়নি। শালীনতা বজায় রেখে কাজ করা হয়েছে। ‘টক্সিক’ সিনেমাটি মূলত বর্তমান প্রজন্মের (জেন-জি) দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এই তারকা।
‘টক্সিক’ পরিচালনা করছেন গীতু মোহনদাস। এই সিনেমায় ইয়াশ ছাড়াও অভিনয় করছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্তসহ আরও অনেকে।
ইএইচ/




