বর্ষার সৌন্দর্য, প্রকৃতি ও বাংলাদেশের গ্রামীণ জীবনের নানা চিত্র শিশু-কিশোরদের তুলিতে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে 'দোলন বর্ষা আর্ট এক্সিবিশন-২০২৬'। দেশের বিভিন্ন প্রান্তের শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত এই শিল্প প্রদর্শনীতে বর্ষা ঋতুকে কেন্দ্র করে আঁকা নির্বাচিত চিত্রকর্ম প্রদর্শিত হবে।
শিশুদের সৃজনশীলতা বিকাশ, প্রকৃতি ও দেশের প্রতি ভালোবাসা তৈরি এবং শিল্পচর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন করেছে দোলন শিশুদের পত্রিকা।
প্রদর্শনীতে শিশু-কিশোরদের আঁকা বর্ষার বিভিন্ন দৃশ্য-বৃষ্টি, নদী, নৌকা, কাশবন, গ্রামের পথ, সবুজ প্রকৃতি, কৃষিজীবন, বর্ষায় মানুষের জীবনযাপনসহ বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতির নানা বিষয় উঠে আসবে।
আগামীকাল ১৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হবে এ প্রদর্শনী। এতে নির্বাচিত শিশু-কিশোর শিল্পীদের চিত্রকর্ম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এর মাধ্যমে শিশুদের শিল্প প্রতিভা ও সৃজনশীল চিন্তার সঙ্গে সাধারণ দর্শক, অভিভাবক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে।
দোলন বর্ষা আর্ট এক্সিবিশন-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ২ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলায় অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে নির্বাচিত অংশগ্রহণকারী শিশু-কিশোরদের সম্মাননা, সনদ ও ক্রেস্ট প্রদানসহ সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা থাকবে।
আয়োজকরা মনে করেন, শিশুদের হাতে প্রকৃতি ও বর্ষার যে রূপ ফুটে উঠবে, তা শুধু একটি শিল্প প্রদর্শনী নয়; বরং নতুন প্রজন্মের চোখে দেখা বাংলাদেশের প্রকৃতি, জীবন ও শৈশবের একটি নান্দনিক দলিল হয়ে উঠবে।
দোলন শিশুদের পত্রিকা দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করে আসছে। সেই ধারাবাহিকতায় 'দোলন বর্ষা আর্ট এক্সিবিশন-২০২৬' শিশুদের শিল্পচর্চাকে আরও বিস্তৃত করার একটি উদ্যোগ।
আরআর




