ভুল দিক থেকে গাড়ি হাঁকিয়ে এসে মোটর বাইককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে বলিউড অভিনেতা অশ্বিন মুশরানের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়দের সঙ্গে অভিনেতার ঝগড়ায় জড়ানোর ঘটনাও ঘটেছে বলে ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
ঘটনাটি গোয়ার মডগাঁও এলাকার। ভুল দিক থেকে গাড়ি চালিয়ে আসছিলেন আশ্বিন। এ সময় তিনি বাইকে চলমান বাবা-ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ অবস্থায় নমনীয় না হয়ে স্থানীয়দের সঙ্গে ঝগড়ায় জড়ান আশ্বিন ও তার স্ত্রী।
এরইমধ্যে ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, অশ্বিন এবং তাঁর স্ত্রীকে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের সঙ্গে উত্তপ্ত বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়তে। তারা নাকি আহত ব্যক্তিদের দোষ দিচ্ছিলেন। এ সময় স্থানীয় নেতা অমোল কনেকরসহ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছান।
স্থানীয় সংবাদমাধ্যমকে অমোল জানান, আহত ব্যক্তির হাড়ের একটি অংশ আশ্বিনের গাড়িতে আটকে যায়। এতে কোনো অপরাধবোধ ছিল না তাদের মধ্যে। উল্টো বেপরোয়া আচরণ করে চলে যাওয়ার চেষ্টা করছিলেন তারা।
কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় স্থানীয়রা। তারা আশ্বিনের পথ আটকে দেয়। সেইসঙ্গে জানায়, ক্ষমা না চাইলে কিছুতেই যেতে দেওয়া হবে না। এবার আর ঔদ্ধত্য দেখাননি অভিনেতা। কিছু সময় পর তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষমা চান
এদিকে দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি এখনও পরিষ্কার না। পুলিশের বক্তব্যও পাওয়া যায়নি। পাশাপাশি যাচাই করা হয়নি স্থানীয় নেতার বক্তব্য। পাশাপাশি অভিনেতা বা তার স্ত্রীও দেননি কোনো বিবৃতি।
আরআর




