নব্বই ও দুই হাজারের দশকের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও সাইফ আলী খান। দীর্ঘ ১৭ বছর পর ‘হাইওয়ান’ সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন দুই তারকা। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা প্রিয়দর্শন। ২০০৮ সালে মুক্তি প্রাপ্ত ‘তশন’ সিনেমায় সর্বশেষ তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।
নব্বইয়ের দশক থেকে ২০০৮ সাল পর্যন্ত ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘য়ে দিলগি’ এবং ‘তু চোর ম্যায় সিপাহি’-র মতো একাধিক জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি। সে সময় অক্ষয়কে অ্যাকশন হিরো এবং সাইফকে রোমান্টিক চরিত্রে দেখা যেত। তবে এবার থ্রিলারধর্মী ‘হাইওয়ান’ সিনেমায় সম্পূর্ণ নতুন অবতারে ধরা দেবেন তারা। অক্ষয়কে একজন ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে সাইফ অভিনয় করবেন একজন অন্ধ মার্শাল আর্টিস্ট চরিত্রে। তাঁকে ঘিরে সিনেমার মূল গল্প এগিয়েছে।
সিনেমার নির্মাতা প্রিয়দর্শন জানিয়েছেন, এটি মূলত তার ২০১৬ সালের আলোচিত মালয়ালম সিনেমা ‘ওপ্পাম’-এর অফিসিয়াল হিন্দি রিমেক। এ সিনেমায় বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা মোহনলালকে।
এছাড়া সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বোমান ইরানি, সায়ামি খের ও শ্রেয়া পিলগাঁওকর। পাশাপাশি প্রয়াত অভিনেতা অস্রানিকে চরিত্রে দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ইএইচ/




