সামাজিক মাধ্যমে নিয়মিত জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। পেশাগত জীবনের বিভিন্ন খবরাখবর নিজের সোশ্যাল হ্যান্ডেলেই জানান। এবার তার একটি পোস্ট কপালে ভাঁজ ফেলে দিল অনুরাগীদের।
গতকাল বুধবার নিজের ফেসবুকে বাপ্পা লেখেন, ‘গানের এই দুঃসময়ে গান করে যাওয়াটাই সব চেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে! গানকে জীবিকা করে বেঁচে থাকাটা তার চেয়েও বড় চ্যালেঞ্জ!’

তবে ‘পরী’র গায়ক সে চ্যালেঞ্জকে সঙ্গী করে পথ চলবেন বলে জানিয়েছেন। তার কথায়, ‘পরিশেষে... এই চ্যালেঞ্জ নেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ! তাই সই!’ বাপ্পা মজুমদারের সে পোস্টে সহমত প্রকাশ করেছেন ব্যান্ড তারকা হামিন আহমেদ, সংগীত পরিচালক অটমনাল মুন ও সমুন কল্যাণসহ অনেকে।
এ নিয়ে ঢাকা মেইলকে বাপ্পা মজুমদার বলেন, ‘পোস্টটা নির্দিষ্ট কোনো ঘটনা নিয়ে না। সামগ্রিকভাবে। লাইভ শোয়ের ভেন্যু কমে আসছে, গানবাজনার সুযোগ নানাভাবে কমে আসছে। যা গানের মানুষের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করছে। তাদের স্ট্রাগল বাড়ছে। এসব ভেবেই লেখা। সত্যি বলতে দেশে এখন মিউজিক করাটা নতুন-পুরনো সবার জন্যই কঠিন হয়ে যাচ্ছে।’

গেল মাসে বাপ্পা মজুমদার প্রকাশ করেছেন নিজের কথা-সুরে ‘বুড়ো নাবিকের গল্প’ নামের একটি গান। এটি পিতৃত্বকে উপজীব্য করে তৈরি। মুক্তির অপেক্ষায় তার ‘গলে যাওয়া সময়’ নামের আরও একটি গান। এটিরও কথা-সুর তার।
আরআর




