স্কুটিতে করে পাহাড় থেকে নামছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার। সেটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। কিন্তু স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক আহত হয়েছেন দুজনই।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টার দিকে থাইল্যান্ডে ঘটেছে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে খাইরুল বাসার ও রনি পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, থাইল্যান্ডে নাটকের একটি শুটিং করছিলেন খাইরুল বাসার ও শুটিং ইউনিট। একটি দৃশ্য ধারণ করতে দেশটির কোলান দ্বীপের একটি পাহাড়ে উঠেছিলেন তারা। শুটিং শেষে পাহাড় থেকে নামার সময়ই ঘটে বিপত্তি।
পাতায়ার হাসপাতাল থেকে গণমাধ্যমকে দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন খায়রুল বাসার। তিনি বলেন, ‘শুটিং ঠিকমতোই চলছিল। আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। সেখানেও শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই।’
এ সময় শুটিং টিমের অন্য সদস্যরা কিছুটা দূরে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খায়রুল বাসার ও মেহেদী রনিকে উদ্ধার করেন। দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটতেও কষ্ট হচ্ছে অভিনেতার।
শারীরিক অবস্থা জানিয়ে বাসার বলেন, ‘দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতে কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় আছি। এখানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। শুটিং আপাতত বাতিল। বর্তমান শারীরিক অবস্থায় শুটিং করা সম্ভব নয়।’
তবে এ দুর্ঘটনায় বেশি আহত হয়েছে স্কুটির চালক চিত্রগ্রাহক মেহেদী রনি। তার শরীরের বিভিন্ন অংশ ছিলে গেছে। চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেছেন। চিকিৎসকের পরামর্শেই তাদের থাকতে হবে।
এএইচ




