প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে দর্শকের মন ভরান তাসকিন রহমান। এরপর কয়েকটি ছবিতে দেখা গেলেও ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। কারণ অসুস্থতা। তবে দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও দর্শক মনের আড়াল করেননি অভিনেতাকে।
সামাজিক মাধ্যমে চোখ রাখলেই স্পষ্ট তাসকিনকে নিয়ে দর্শকের উন্মাদনা। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাসকিনের পোস্ট করা এক ছবিতে হুমড়ি খেয়ে পড়েছিলেন নেটিজেনরা। অনেকেই মন্তব্যের ঘরে তাকে সিনেমায় ফেরার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, কবে ফিরছেন অভিনেতা?

এ নিয়ে তাসকিন কিছু না বললেও জবাব দিয়েছেন তার ভাই ও নির্মাতা তানিম রহমান অংশু। এক নেটিজেন তাসকিনের ওই মন্তব্যের ঘরে লেখেন, ‘সিনেমায় কবে ফিরবেন?’ জবাবে অংশু ওই নেটিজেনকে লেখেন, ‘শিগগিরই’।
এদিকে কিছুদিন আগে ‘লিম্বো’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অংশু। কসমিক রোমান্টিক স্টোরি নিয়ে নির্মাণ করা হবে সিনেমাটি। তবে কি সে ছবি দিয়েই ফেরা হচ্ছে তাসকিনের?
জবাবে ঢাকা মেইলকে অংশু বলেন, ‘আমার সিনেমায় তাসকিনকে রাখার চিন্তা ভাবনা আছে। প্রাথমিক আলাপও হয়েছে। ওর শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে পুরো বিষয়টা। যদি ঠিকঠাক থাকে তাহলে ও আমার সিনেমা দিয়েই ফিরবে।’

তাসকিনের অসুস্থতা নিয়ে নির্মাতা বলেন, ‘তাসকিন চোখের নার্ভজনিত জটিলতায় ভুগছে। এজন্যই দীর্ঘ সময় বিশ্রামে আছে। চিকিৎসা চলছে। আরও বেশ কিছুদিন সময় লাগবে। তবে আগের চেয়ে এখন তার শারীরিক অবস্থা বেশ ভালো।’
তাসকিন অষ্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা। ২০১৭ সালে দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। চরিত্রটি তুমুল সাড়া জাগায় সে সময়। এরপর বেশ কয়েকটি ছবিতে দেখা যায় তাকে।
আরআর




