দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছিল। আগামী ৮ আগস্ট ভোটগ্রহণের দিনও নির্ধারিত হয়েছে। তবে শেষ মুহূর্তে এসে নির্বাচন হচ্ছে না। এবারের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের মামলায় দুই মাসের জন্য প্রযোজক সমিতির নির্বাচন স্থগিত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন একই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।
জানা গেছে, ২০২৫-এর ১৮(৪) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদ নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করলে অন্তত এক মেয়াদ বিরতি না দিয়ে পুনরায় নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই বিধান অনুসারেই সম্প্রতি খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের মনোনয়ন বাতিল করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন বোর্ডের কাছে আপিল করে মনোনয়ন ফিরে পান তারা। এরপর চিত্রনায়ক উজ্জ্বল মামলা করেন এই দুই পদের বিরুদ্ধে। তারই পরিপ্রেক্ষিতে প্রযোজক সমিতির নির্বাচন স্থগিত হয়েছে।
প্রসঙ্গত, সবশেষ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৭ জুলাই। এরপর আইনি জটিলতা এবং ভোটার তালিকা-সংক্রান্ত বিরোধের কারণে টানা ৭ বছর নতুন নির্বাচনের আয়োজন সম্ভব হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই সংগঠনটি নির্বাচিত নেতৃত্বের পরিবর্তে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন পর নতুন নির্বাচন আয়োজন হয়ে আবারও মামলায় আটকে গেছে। এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদে ৪২ জন প্রার্থী হয়েছেন।




