সড়ক দুর্ঘটনার শিকার উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। গতকাল বুধবার দিবাগত রাতে একটি পিকআপের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে তার গাড়ি। বুকে-হাতে-পায়ে চোট পেয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে খবরটি মৌসুমী নিজেই জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে মৌসুমী মৌ কয়েকটি ছবি দিয়েছেন। সেখানে দুর্ঘটনায় তার ক্ষতিগ্রস্ত গাড়িটি দেখা গেছে। সেইসঙ্গে মৌসুমী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি।’
শো শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন উল্লেখ করে উপস্থাপক লেখেন, ‘শো শেষ করে আসার পথে একটা পিকআপ আমাদের ধাক্কা দেয়। আমি গাড়ির বা দিক থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুকে, পায়ে আর হাতে ব্যাথা পাই। কিন্তু বড় ধরণের কোনো কিছু আমার হয়নি।’
অভিনেত্রীর গাড়ির পেছনে মোটর বাইকে ছিলেন তার মেকআপ আর্টিস্ট। ঘটনাটি তার সঙ্গে ঘটলে মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হতে হতো ভেবে আতকে উঠছেন মৌসুমী। তার কথায়, ‘আমার গাড়ির ঠিক পেছনে বাইকে ছিল আমার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যাপার যদি মুমিনকে পিকআপ ধাক্কা দিত তাহলে মুমিন উড়ে চলে যেত। আর যদি আমার গাড়ির আরেকটু সামনে বা দরজায় মারত তাহলে আমিও হয়তো আর জীবিত থাকতাম না।’
পিকআপ চালকের ছবি তুলে রেখেছেন উপস্থাপক। সেটি প্রকাশ করে তার বিরুদ্ধে অভিযোগ এনে লেখেন, ‘ড্রাইভারটা চরম বেয়াদব। ওর পিকআপের ব্রেক ঠিক নেই। তার আচরণে মনে হচ্ছিল কিছু খেয়ে সে গাড়ি চালাচ্ছে। ওর মালিক এসে জানালেন ওর গাড়ি চালানোর কথা না। যাইহোক কোনটা সঠিক কোনটা বেঠিক জানি না।’
বেঁচে আছি ভালো আছি এটাই সবচেয়ে বড় কথা— বলে স্বস্তি প্রকাশ করেন সবশেষে। তবে দুর্ঘটনাটি কোথায় ঘটেছে সেসব বিস্তারিত জানাননি মৌসুমি। এ প্রসঙ্গে জানতে যোগাযোগের চেষ্টার করা হলে ফোন রিসিভ করেননি তিনি। হোয়াটস্যাপে খুদে বার্তা পাঠালেও মেলেনি উত্তর।
আরআর




