পুনর্গঠন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। গেল ২৯ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আসলাম মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষমতাবলে সরকার এ বোর্ড গঠন করেছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
পুনর্গঠিত ১৫ সদস্যের বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক সভাপতি ও চলচ্চিত্র গবেষক আবদুর রহমান, অভিনেত্রী কাজী নওশাবা, গীতিকার প্রিন্স মাহমুদ, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।
এছাড়া বোর্ডের সদস্য হিসেবে রাখা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালককে।
আরআর




