হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা দেব আনন্দের একমাত্র ছেলে অভিনেতা-নির্মাতা সুনীল আনন্দ। রোববার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে সুনীলের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
সুনীলের ভাগনি জিনা নারাং বিবৃতিতে জানান, ‘অত্যন্ত ভারাক্রান্ত মনে সুনীল আনন্দের চলে যাওয়ার খবর জানাচ্ছি। এত মানুষের ভালোবাসা, প্রার্থনা, সমর্থন পেয়ে ভালো লাগছে। আমরা সত্যিই কৃতজ্ঞ।’ একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা বজায় রাখার আবেদন জানানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর সুনীলকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। এর আগে ২০১১ সালে দেব আনন্দও লন্ডনের একই হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছিলেন।
১৯৮৪ সালে দেব আনন্দ পরিচালিত ‘আনন্দ অউর আনন্দ’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সুনীল। এ সিনেমায় দেব ও রাজ বব্বর গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। এরপর ১৯৮৬ সালে ‘কার থিফ’ ছবিতে অভিনয় করেন তিনি। ১৯৮৯ সালে বিজয় আনন্দ পরিচালিত ‘ম্যায় তেরে লিয়ে’ ছবিতে দেখা যায় তাঁকে। একাধিক বড় পরিচালকের সঙ্গে কাজ করলেও অভিনয় জীবনে সাফল্য পাননি সুনীল।
অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাতেও হাতেখড়ি হয়েছিল। ২০০১ সালে ‘মাস্টার’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে ছবিটি বক্স অফিসে জ্বলে উঠতে পারেনি।
সুনীলের মৃত্যুতে আনন্দ পরিবারের পাশাপাশি বলিউডেও শোকের ছায়া নেমে এসেছে।




