মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

‘শ্রাবণের মেঘে’র পারিশ্রমিক পাননি গীতিকার, উল্টো দাবি করা হয়েছিল অর্থ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

‘শ্রাবণের মেঘে’র পারিশ্রমিক পাননি গীতিকার, উল্টো দাবি করা হয়েছিল অর্থ

প্রজন্ম থেকে প্রজন্ম মুগ্ধতা ছড়াচ্ছে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি। এবার যেন দিচ্ছে প্রতিবাদের জ্বালানীর যোগান। 

আলোচিত এ গানের আড়ালে রয়েছে বৈষম্য ও অবহেলার গল্প। যার ভুক্তভোগী গানটির গীতিকার ও সুরকার আশরাফ বাবু। শ্রাবণের মেঘ-এর কথা ও সুরের জন্য কোনো পারিশ্রমিক পাননি তিনি। উল্টো অর্থ দাবি করা হয়েছিল তার কাছে। 

গানটি খুলনায় বসে লিখেছিলেন বাবু। ‘রিপল ট্র্যাক’ (যেটি পরে ডিফারেন্ট টাচ নাম ধারণ করে) ব্যান্ডের সদস্য আলী আহমেদ বাবু (শ্রাবণের মেঘের গায়ক) লিখতে বলেছিলেন তাকে। ১৯৮৯ সালে ডিফরেন্ট টাচের নামের অ্যালবামে প্রকাশ পায় ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’। 

ঢাকা মেইলকে আশরাফ বাবু বলেন, ‘সে সময় তাদের ব্যান্ডের ম্যানেজার আমার কাছে টাকা দাবি করেছিলেন। বলেছিলেন তোমার গানটি করতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। পারলে তুমি হাজার দশেক টাকা দিও। তবে বিষয়টি ব্যান্ডের অন্য সদস্যরা জানতেন না। এই হচ্ছে গানটি সৃষ্টির আসল ইতিহাস। কিন্তু আজকাল গানটির পেছনের গল্প বিকৃত করা হচ্ছে। এটা খুব উদ্বেগজনক।’

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি লিখে দেওয়ার পর বাবুর কোনো খোঁজ নেননি রিপল ট্র্যাক থেকে ডিফরেন্ট টাচ নামধারী ব্যান্ডের সদস্যরা। নিজের গানগুলো প্রকাশের খবরও জানতেন না বাবু। একদিন এক পরিচিতের থেকে জানতে পারেন ডিফরেন্ট টাচের নামে প্রকাশিত অ্যালবামে তার গানগুলো আছে।

দোকানে গিয়ে ফিতার সে ক্যাসেট খুলেই বৈষম্য চোখে পড়ে বাবুর। অন্যদের নাম সম্পূর্ণ  লেখা হলেও তার নামটি ছিল সংক্ষেপে। ব্যাখ্যা চাইলে জায়গা সংকটের অজুহাত দেওয়া হয়। যদিও সে যুক্তি সেসময় যৌক্তিক মনে হয়নি বাবুর কাছে। 

সম্প্রতি সিলেটের ফেঞ্চুগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পাল, ফেসবুকে গানটির সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন। তারপর থেকেই পক্ষে-বিপক্ষে অবস্থান নেয় নেটিজেনরা। 

এ সময় বিউটি পালের হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা গানটি ব্যবহার করে নিজেদের প্রোফাইলে ভিডিও পোস্ট করা শুরু করে বিউটি পালের প্রতি সমর্থনের অংশ হিসেবে।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর