২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। ফাইনালে আলবিসেলেস্তেদের পরাজয়ে স্তব্ধ হয়ে পড়েছেন কোটি ভক্ত। ফুটবল মাঠের বেদনার নীল আঁচড় লেগেছে দেশের শোবিজ অঙ্গনেও। তবে প্রিয় দলের পরাজয়ে আতশবাজি ফুটিয়ে উদযাপন করেছেন ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল।
রোববার শেষরাতে নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন কেয়া। সেখানে দেখা যায়, ছাদে দাঁড়িয়ে বেশ ফুরফুরে মেজাজে আতশবাজি ফোটাচ্ছেন তিনি। আর্জেন্টিনার পরাজয়ের পর এমন উদযাপনের কারণ স্পষ্ট করে অভিনেত্রী ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘ভাবছিলাম জিতলে ফুটাবো কিন্তু নষ্ট হয়ে যাবে তো, তাই আরকি’। এদিকে ভিডিওর মন্তব্যের ঘরে কেয়া যোগ করেন, ‘আজকে খেলিনাই তাই জিতি নাই, খেললে জিতে যাইতাম।’

কেয়া একজন আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দলের জয় উদযাপন করার জন্য বাজি কিনেছিলেন। কিন্তু স্পেনের কাছে ১-০ গোলে পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়ে গেল বারের চ্যাম্পিয়নরা। প্রিয় দলের জয় উদযাপনের জন্য কেনা বাজিগুলো নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে বাজি ফাটিয়েছেন তিনি।
অভিনেত্রীর স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তার পোস্টে ভক্ত-অনুরাগীরা হাসাহাসিতে মেতে উঠেছেন। আর্জেন্টিনার সমর্থকদের খোঁচা দিয়ে একজন লিখেছেন, ‘সারা বছর নকল করে পাস করার পর হঠাৎ একদিন পরীক্ষার হলে কড়া গার্ড পড়ার যে ব্যাপারটা।’ অন্য একজন লিখেছেন, ‘চোরের ১০ দিন, স্পেনের ১ দিন।’
ইএইচ/




