গৌরী স্প্র্যাটকে বিয়ে করে উগ্রবাদীদের রোষানলে পড়েছেন আমির খান। তার বিরুদ্ধে আনা হয়েছে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ। এবার একই কারণে বিষ্ণোই গ্যাংস্টারের রোষানলে অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিষ্ণোইদের নাম করে দেওয়া একটি পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেটি লরেন্স বিষ্ণোইয়ের দুই ভাই টাইসন ও আরজু বিষ্ণোইয়ের নামে প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে আমিরের বিয়ে ইস্যুতে রীতিমতো চোটপাট করা হয়েছে।
লেখা হয়েছে, “আমরা আরজ়ু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই (লরেন্স বিষ্ণোই গ্রুপ) বলতে চাই, আমির খানের মতো মানুষ দেশে তথাকথিত ‘লাভ জিহাদ’কে উৎসাহ দিচ্ছেন, যা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে। আমরা এমন লোককে মেনে নেব না এবং খুব শীঘ্রই তাঁকে এর ফল ভোগ করতে হবে। এটি সনাতন ধর্ম এবং দেশের বিরুদ্ধে।”
হুমকি দিয়ে আরও লেখা হয়েছে, “আমরা দেশের ভাই-বোন এবং নাগরিকদের আশ্বস্ত করছি, যারা এ ধরনের কাজকে উৎসাহ দেবে, তাদের সঙ্গে আমাদের নিজস্ব পদ্ধতিতে মোকাবিলা করা হবে। খ্যাতির আড়ালে যারা এ সবকে প্রশ্রয় দিচ্ছে, তাদেরও চুপ করিয়ে দেওয়া হবে।”
সূত্র জানিয়েছে, পোস্টের পাশাপাশি হুমকির একটি ভয়েস নোটও প্রকাশ করা হয়েছে। যা এরইমধ্যে ভারতীয় পুলিশের হাতে পড়েছে। বিষয়টির সত্যতা যাচাইয়ে নেমেছে তারা। তখন এখনও আমিরের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি বলে জানা গেছে।
এদিকে বিষ্ণোই গ্যাংস্টারের ভালোভাবে পরিচিত বলিউড। কৃষ্ণসার হরিণ ইস্যুতে সালমান খানের প্রতি বহুদিনের ক্ষোভ তার। একাধিকবার ভাইজানকে হত্যার হুমকি দিয়েছে তারা। অভিনেতার বাড়িতে ছুড়েছে গুলিও। এবার আমিরের দিকে নজর পড়ল তাদের!
আরআর




