বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সেই প্রতারণার মামলায় তিশার বিরুদ্ধে সমন জারি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

সেই প্রতারণার মামলায় তিশার বিরুদ্ধে সমন জারি 

আইনি জটিলতায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আজ ১২ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ কোর্টের ম্যাজিস্ট্রেট মো: জুয়েল রানার আদালত অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় এ আদেশ দেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার।

মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তানজিন তিশা। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করে এর আগে সামাজিক মাধ্যমে তানজিন তিশা দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার দেওয়া হয়েছিল।

বাদীপক্ষ জানায়, আইনি নোটিশ পাঠিয়েও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে ডিবি পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার পরবর্তী তারিখ আগামী ১৩ আগস্ট তিশাকে আদালতে হাজির থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই এখন বিষয়টি আদালতেই নিষ্পত্তি হবে।

এ সম্পর্কে জানতে তানজিন তিশার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি তাকে।

এদিকে বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় তিশা। শাকিব খানের সোলজার সিনেমায় দেখা যাবে তাকে। ছবিটির পরিচালক সাকিব ফাহাদ। চলতি বছর মুক্তি কথা সিনেমাটির। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর