শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রকাশ্যে সৌরভের বায়োপিকের প্রথম ঝলক, জানা গেল মুক্তির দিনক্ষণ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

প্রকাশ্যে সৌরভের বায়োপিকের প্রথম ঝলক, জানা গেল মুক্তির দিনক্ষণ 

ভারতীয় ক্রিকেটের মহারাজ বলে ডাকা হয় সৌরভ গাঙ্গুলিকে।। এই অঙ্গনে দাদাগিরি কম করেননি তিনি। ১৯৯৬ সালে অভিষেক টেস্টেই হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। ২০০২ সালে ট্রফি জিতে লর্ডসের বারান্দায় দাঁড়িয়ে তো জামা খুলে ঘুরিয়েছিলেন। এসব দেশটির ক্রিকেট ইতিহাসের সোনালী অতীত।

২২ গজে সৌরভের যত কীর্তিগাথা পর্দায় তুলে ধরার কাজ চলছে অনেকদিন। তাই শুনে অনুরাগীরাও ছিলেন মুখিয়ে। তাদের অপেক্ষার আগুন প্রশমিত করতে সামাজিক মাধ্যমে এলো ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’-র (DADA: The Sourav Ganguly Story) প্রথম ঝলক।

আজ ৭ জুলাই সৌরভের জন্মদিন। বিশেষ এই দিন-ই বেছে নেওয়া হয়েছে সৌরভ অনুরাগীদের উসকে দিতে। ছবির পোস্টারে দেখা গেছে পর্দার সৌরভরূপী রাজকুমার রাও লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে। হাতে জার্সি। এ যেন লর্ডসের সেই স্মৃতিতে আরও একবার ডুবিয়ে দেওয়ার চেষ্টা নেটিজেনদের! 

নিজের বায়োপিকের পোস্টার শেয়ার দিয়েছেন সৌরভ। ক্যাপশনে রাজকুমারের উদ্দেশে লিখেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপহার। তুমি আমার মতো কভার ড্রাইভ খেলবে, দেখতে মুখিয়ে রয়েছি।’ সঙ্গে মুক্তিত তারিখ জানিয়েছেন। আগামী বছরের মে মাসে মুক্তি পাচ্ছে ছবিটি। 

ছবিতে সৌরভের ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন বেদান্ত সিং। এরইমধ্যে নজর কেড়েছে তার অভিনয়। ‘ফ্যামিলি ম্যান’ সিরিজে ছিলেন। মনোজ বাজপেয়ীর চরিত্র শ্রীকান্ত তিওয়ারির ছেলের চরিত্রে দেখা যায় তাকে। এবার ধরা দিচ্ছেন সৌরভের ছেলেবেলার চরিত্রে।

সৌরভপত্নী ডোনার চরিত্রেও থাকবেন একাধিক অভিনেত্রী। এ নৃত্যশিল্পীর কিশোরীবেলার চরিত্রে রূপ দেবেন সৃজা ভট্টাচার্য। ক্লাস সেভেনের ছাত্রী সৃজা এরইমধ্যে একাধিক সিনেমা ও সিরিয়ালে মুখ দেখিয়েছেন। ডোনার বড়বেলায় দেখা যাবে তান্যা মানিকতলাকে। 

সৌরভের বাবা চন্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়। মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অপরাজিতা আঢ্য। সৌরভের ভাই স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাহুল দেব বসুকে। থাকছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার চরিত্রও। এতে দেখা যাবে গজরাজ রাওকে। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছে আরও অনেকে। ছবির পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ান। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর