দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দর্শক হৃদয়ে রাজত্ব করছেন মোশাররফ করিম। এবার ক্যারিয়ারে প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারকের গুরুদায়িত্ব সামলাবেন তিনি। বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬’-এর প্রধান বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন এ অভিনেতা।
এ নিয়ে মোশাররফ করিম বলেন, ‘বিচারক শব্দটা শুনতে যত সহজ মনে হয়, কাজটা কিন্তু মোটেও ততটা সহজ নয়। তবে আমি সব সময় যেকোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। বাভাসি সত্যিই অসাধারণ একটি প্ল্যাটফর্ম, যেখানে নতুনদের মেধা বিকাশের দারুণ সুযোগ রয়েছে। এত বছরের ক্যারিয়ারে বিচারক হিসেবে এটাই আমার প্রথম অভিজ্ঞতা। আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা।’
এবারের বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশ থেকে ৭৫টি চলচ্চিত্র জমা পড়েছিল। সেখান থেকে প্রাথমিক বাছাই শেষে ৫২টি চলচ্চিত্র নির্বাচিত হয়। এরপর জুরি বোর্ডের মূল্যায়নে ১৬টি চলচ্চিত্র দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ শেষে চূড়ান্ত পর্বের জন্য সাতটি চলচ্চিত্র নির্বাচিত হবে। উৎসবের শেষ ধাপে সেরা চিত্রনাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী, শিল্প নির্দেশক, চিত্রগ্রাহক, সম্পাদক, গীতিকার, আবহসংগীত ও রূপসজ্জাসহ বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে।
আয়োজকদের ভাষ্যমতে, উৎসবের মূল লক্ষ্য চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের নির্মাতা এবং শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনা ও সাংস্কৃতিক বিনিময়কে আরও সমৃদ্ধ করা। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে নতুন নির্মাতাদের কাজ তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
ইএইচ/




