বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শিল্পী সমিতি নির্বাচন

নামাজের বিরতিতে গেটে তালা, ভোট কারচুপির অভিযোগ আরমান-মুক্তি প্যানেলের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

নামাজের বিরতিতে গেটে তালা, ভোট কারচুপির অভিযোগ মুক্তির

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে নামাজের বিরতিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরে লোক থাকা সত্ত্বেও বাইরের দুই পাশের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছে আরমান-মুক্তি প্যানেল। তাঁদের প্যানেলের পক্ষ থেকে বর্তমান ভোট বাতিল করে নতুন করে ভোটগ্রহণের দাবি জানানো হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১টায় জুমার নামাজের জন্য ভোটগ্রহণে এক ঘণ্টার বিরতি দেওয়া হয়। অভিযোগ ওঠে, বিরতির সুযোগে ভোটকেন্দ্রের ভেতরে মানুষ থাকা অবস্থাতে মূল ফটকগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আরমান-মুক্তি প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি। 

তিনি বলেন, ‘ভেতরে মানুষ রেখে নামাজের বিরতির নামে দরজায় তালা দেওয়ার কোনো নিয়ম নির্বাচনী আচরণবিধিতে নেই। আমরা নির্বাচন কমিশনারকে ফোনে পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তার ফোনও বন্ধ পাওয়া গেছে। এটা কেমন ধরনের নিয়ম? এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে মনে হচ্ছে, এদের সাথে নির্বাচনে অংশ নেওয়াই আমাদের ঠিক হয়নি।’

একই অভিযোগ অভিনেতা আবির চৌধুরীর। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘এটি তো ম্যানুয়াল কাউন্টের ভোট। ভেতরে লোক রেখে কেন দরজায় তালা দেওয়া হবে? এ পর্যন্ত যত ভোট পড়েছে, তা আবার গণনা করে নতুন করে ভোটগ্রহণের দাবি জানাই।’

তবে আরমান-মুক্তি প্যানেলের ভোটে অনিয়মের অভিযোগ নাকচ করে দিয়েছেন নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু। তিনি বলেন, ‘এ ধরনের কিছু ঘটার সুযোগই নেই। প্রজেক্টরের মাধ্যমে ভেতরের সব কার্যক্রম দেখা যাচ্ছে।’

এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫৭৩ জন। সকাল থেকে বিএফডিসি প্রাঙ্গণে ভোটার, প্রার্থী এবং তাঁদের সমর্থকদের আনাগোনায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এফডিসি জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শিল্পী সমিতির নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট দুটি প্রধান জোট প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি প্যানেলে সভাপতি পদে লড়ছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। অন্যদিকে, তাঁদের প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের ১১টি সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী ভাগ্য পরীক্ষায় নেমেছেন। পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর