ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও ‘পদাতিক’ নাট্যদলের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মরণে শুরু হয়েছে দেড় দশকের বেশি সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী নাট্যোৎসবে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) থেকে শুরু হওয়া এবারের উৎসবটি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ৬ দিনব্যাপী এই উৎসবে দেশের ছয়টি নাট্যদলের ছয়টি নাটক মঞ্চস্থ হবে।
প্রতি বছরের মতো এবারও উৎসবের বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে। এবার স্মারক সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী ও শিক্ষক ওয়াহিদা মল্লিক জলি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক নাট্যজন কামাল বায়েজিদ। আজ শুক্রবার (২৬ জুন) উৎসবের দ্বিতীয় দিনে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার সংশোধন, আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিশিষ্ট নাট্যজন মামুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি তাসনিন হোসাইন তানু।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলের লবিতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয়েছে দেশ নাটকের প্রযোজনা ‘দর্পণে শরৎশশী’, যার নির্দেশনা ও তত্ত্বাবধানে ছিলেন কামাল আহমেদ।
কাঙালিনী সুফিয়াকে বিশেষ সম্মাননা, আজীবন সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা
আজ শুক্রবার সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের পর মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদের নাটক ‘আলিবাবা এবং চল্লিশ চোর’, পরিকল্পনা ও নির্দেশনায় সুদীপ চক্রবর্তী। উৎসবের প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে থাকছে সাংস্কৃতিক পর্ব ‘বহিরাঙ্গন অনুষ্ঠান’। এরপর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে মূল নাট্য প্রদর্শনী।
সূচি অনুযায়ী, ২৭ জুন মঞ্চস্থ হবে থিয়েটার ফ্যাক্টরির ‘কমলা রঙের বোধ’ (নির্দেশনা: অলোক বসু), ২৮ জুন এথিক নাট্যদল মঞ্চায়ন করবে ‘সুড়ঙ্গ’ (নির্দেশনা: মিন্টু সরদার), ২৯ জুন থাকবে বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপের ‘জালালউদ্দিন রুমী’ (নির্দেশনা: সুজন মাহবুব)। সমাপনী দিন ৩০ জুন প্রদর্শিত হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটক ‘বিধিবাম’। এবারের উৎসবে আয়োজক দল পদাতিক নাট্য সংসদ ছাড়াও দেশের স্বনামধন্য নাট্যদলগুলো অংশ নিচ্ছে।
ইএইচ/




