বড় ক্যানভাসে ছবি বানান বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানসালি। বড় বড় বিপাকেও পড়তে হয় সেসব নির্মাণে। এবার তো মামলা খেতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। গুনতে হতে পারে বড় অঙ্কের জরিমানাও। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বানসালির নির্মিতব্য সিনেমা লাভ অ্যান্ড ওয়ার-এর শুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন চন্দ্রধারী যাদব নামের এক কাঠমিস্ত্রি। তিনি ওই শুটিংয়ের কর্মী ছিলেন। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পরিচালকের নামে মামলার দাবি তুলেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পাম্প স্টুডিওতে শুটিং চলাকালীন নিহত হন চন্দ্রধারী যাদব। সেসময় সেটে উপস্থিত ছিলেন আলিয়া ভাট। এ ঘটনায় বানসালির প্রযোজনা সংস্থা থেকে ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় নিহতের পরিবারকে।
তবে তাতে সায় নেই ফেডরেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (এফডব্লিউআইসিই) এবং অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের। তারা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের কাছে চিঠি লিখেছে। ওই চিঠিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি বিরুদ্ধে এফআইআরের দাবি করা হয়েছে। সেইসঙ্গে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি রুপি দেওয়ার দাবি তোলা হয়েছে।
শোনা যাচ্ছে, নির্দিষ্ট সময় পার হলেও কাজে বাধ্য করা হয়েছিল চন্দ্রধারীকে। সকাল ৭টা থেকে পরদিন ভোর ৩টি পর্যন্ত কাজে ব্যস্ত ছিলেন তিনি। এই নিয়ম বদল করে শুটিংয়ে শ্রমিকদের কর্মঘন্টা নিয়ে ভাবতে বলা হয়েছে চিঠিতে।
আগামী বছর মুক্তির কথা রয়েছে সঞ্জয় লীলা বানসালির নির্মিতব্য লাভ অ্যান্ড ওয়ার-এর। বছরের শুরুতে জানিয়েছিলেন নির্মাতা। এতে আলিয়া ছাড়াও অভিনয় করেছেন রণবীর কাপুর, ভিকি কৌশল প্রমুখ।
আরআর




