হলিউডের জনপ্রিয় হরর সিনেমা ‘দ্য রিং’-এর ‘সামারা মর্গান’ চরিত্রের অভিনেত্রী ডেভি চেজ আর নেই। মঙ্গলবার (১৬ জুন) লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই মার্কিন অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।
বিজ্ঞাপন
বুধবার (১৭ জুন) ডেভি চেজের দীর্ঘদিনের ম্যানেজার জন রায়ান জুনিয়র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজকে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হওয়ার পর রক্তের ইনফেকশন পুরো শরীরে ছড়িয়ে পড়ায় ডেভির মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তিনি তীব্র অপুষ্টিজনিত সমস্যায় ভুগছিলেন।

মাত্র ৪ বছর বয়স থেকে লাস ভেগাসে ভয়েসওভার ও থিয়েটারের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ৭ বছর বয়সে জনপ্রিয় মার্কিন সিটকম ‘সাবরিনা দ্য টিনএজ উইচ’-এর মাধ্যমে হলিউডে পা রাখেন। এরপর ২০০১ সালে ‘ডনি ডার্কো’ সিনেমায় অভিনয় করে প্রথমবার নজর কাড়েন তিনি।
বিজ্ঞাপন
তবে ২০০২ সালে বিশ্বজুড়ে আলোড়ন তোলা জাপানি ক্লাসিক সিনেমার আমেরিকান রিমেক ‘দ্য রিং’-এ অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান ডেভি। টেলিভিশন স্ক্রিন থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসা সেই ভয়ংকর ভূত ‘সামারা মর্গান’ চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন তিনি। এই চরিত্রে অভিনয়ের জন্য ২০০৩ সালে ‘এমটিভি মুভি অ্যাওয়ার্ডস’-এ সেরা খলঅভিনেতার পুরস্কার জিতে নেন।

একই বছর ডিজনির ব্লকবাস্টার অ্যানিমেটেড সিনেমা ‘লিলো অ্যান্ড স্টিচ’-এ ‘লিলো’ চরিত্রে কণ্ঠ দিয়ে ‘অ্যানি অ্যাওয়ার্ড’ লাভ করেন তিনি।
দীর্ঘ ১৫ বছর ধরে ডেভি চেজের ম্যানেজারের দায়িত্বে থাকা জন রায়ান জুনিয়র বলেন, ‘ও দারুণ একজন মানুষ ছিল। বিড়াল ভালোবাসত। ও নিজেকে একটু গুটিয়ে রাখতে পছন্দ করত। হলিউডের চাকচিক্যময় জীবন থেকে দূরে থাকা ওর পছন্দ ছিল। বড় স্টুডিওর সিনেমার চেয়ে ও স্বাধীন চলচ্চিত্রে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করত। অভিনয়কে ভালোবাসলেও কখনও তারকাখ্যাতির পেছনে ছোটেনি।’
জন্মদিনের পরদিন অভিনেত্রীর আকস্মিক মৃত্যু
উল্লেখ্য, ২০১৫ সালে তিনি অভিনয় থেকে অবসর নেন। তাঁর অকাল প্রয়াণে হলিউডের সহকর্মী এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ইএইচ/




