নিজের ভালো লাগা থেকে গান করেন আফজালুর রহমান। বিষয়বস্তু ভাবনায় জায়গা নিলে কথা সাজান। অন্যদের মতো তাকেও গভীরভাবে নাড়া দিয়েছে রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড। ওই জায়গা থেকে শিশু রামিসাকে নিয়ে গান লিখেছেন তিনি।
গানটি নিয়ে আফজালুর রহমান বলেন, ‘রামিসার ঘটনাটি আমার ভেতরে একটি ভাবনার উদ্রেক করে। আঁতুড় ঘরের বাইরে একদিকে মধুর পাত্র হাতে প্রতীক্ষার প্রহর, অন্যদিকে লবণের থালা নিয়ে অশুভ পরিণতির প্রস্তুতি। কন্যাশিশু জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেওয়ার সেই হাজার বছরের পুরনো বর্বরতা আজও কি আমাদের সমাজকে তাড়া করে বেড়ায়? বর্তমানের এই আধুনিক সভ্যতায় দাঁড়িয়েও যদি রামিসার ভাগ্যে এমন নিষ্ঠুরতা নেমে আসে, তবে এই সভ্যতাকে ধিক্কার জানানো ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না।’
বিজ্ঞাপন
তার কথায়, ‘হয়তো এই মুহূর্তে রামিসার মায়ের মনে হচ্ছে—তার চেয়ে যদি আঁতুড় ঘরেই লবণ খাইয়ে শিশুটিকে চিরতরে শান্ত করা যেত, তবে হয়তো পৃথিবীর এই নির্মমতার চেয়ে তার মুক্তি হতো সহজ। মূলত এই ভাবনা থেকেই গানটি লিখি।’
গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমান জাইম। সুর ও সংগীত করেছেন জাহিদ নিরব। নিরব বলেন, ‘আফজাল ভাই নিজের ভালো লাগা থেকে গান লেখেন সুর করেন। সম্প্রতি রামিসার ঘটনাটি তাকে গভীরভাবে নাড়া দেয়। যা প্রকাশ পেয়েছে গানটিতে। আশা করি শ্রোতারা শুনলে উপলব্ধি করতে পারবেন।’
গানটির শিরোনাম ‘ক্ষমা কর মা’। আজ রোববার গীতিকারের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে গানটি।




