সম্পর্কের গল্প নিয়ে আসছেন পরিচালক সাজ্জাদ হোসেন বাপ্পী। মা-ছেলের কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকটি। ‘সুতরাং’ নামের এ নাটকে জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনী।
নাটকটি প্রসঙ্গে ঢাকা মেইলকে পরিচালক বলেন, ‘গল্পটি মা-ছেলের। জন্মের পর থেকেই ছেলে জানে তার মা মৃত। কিন্তু জীবনের অর্ধেক বয়স পার হওয়ার পর জানতে পারে তার মা বেঁচে আছে। এতদিন বাবা তার কাছে সত্যটি গোপন করে রেখেছিল।’
বিজ্ঞাপন

নির্মাতা আরও বলেন, ‘পৃথিবীতে বিভিন্ন রকম সম্পর্ক থাকলেও মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক অতুলনীয়। সম্পর্কটি কতটা গভীর আশা করি নাটকটি প্রকাশ পেলে দর্শক বুঝতে পারবেন। দীর্ঘদিন পর মায়ের খোঁজ সন্তানের অনুভূতিকে যে কোন জায়গায় নিয়ে যেতে পারে সেটিও উপলব্ধি করতে পারবেন সবাই।’
সম্প্রতি নবাবগঞ্জ ও ঢাকার বিভিন্ন লোকেশনে ‘সুতরাং’-এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি। পরিচালক জানালেন এ মাসেই দর্শক দেখতে পারবেন।

বিজ্ঞাপন
খায়রুল বাসার-তটিনী ছাড়াও ‘সুতরাং’-এ অভিনয় করেছেন বড়দা মিঠু, এমএনইউ রাজু, এবি রোকন, মেহেদী হাসান তরু। নাটকটিতে গুরুত্বপূর্ণ একটি চুরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।




