শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন আদনান আল রাজীব 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন আদনান আল রাজীব 

কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়া ‘আলী’ চলচ্চিত্রের নির্মাতা আদনান আল রাজীব এবার পা রাখছেন রূপালি পর্দায়। বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করার পর নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এই পরিচালক। 

সামাজিক মাধ্যমে এক পোস্টে নির্মাতা লেখেন, “অ্যাডভার্টাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম ‘কাছে আসার গল্প’। সেই সময়ের হিসেবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাবো।”


বিজ্ঞাপন


তিনি আরও লেখেন, ‘স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি। অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে। কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সবসময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার।’

সিনেমাটির গল্প তৈরি করার পেছনের কথা উল্লেখ করে রাজীব লিখেছেন, ‘গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি। কেটেছি। আবার লিখেছি।’

সবশেষে তিনি লেখেন, ‘কখনও মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি। হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।’

তবে সিনেমার নাম, অভিনয়শিল্পী কিংবা শুটিং কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর