পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড তারকা রূপম ইসলামের স্ত্রী-ই নন শুধু রূপসা দাশগুপ্ত। গায়কের ব্যান্ড ফসিলসের ম্যানেজারও তিনি। এবার তাকে দেওয়া হলো প্রকাশ্যে খুন করার হুমকি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
হত্যার হুমকির বিষয়টি সামাজিক মাধ্যমে এসেছে পূজা দাস নামে এক ফসিলসভক্তের স্ক্রিনশটে। সেখানে তিনি জানিয়েছেন রূপসাকে এক ব্যক্তি প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন। কলকাতায় এলে ওই ব্যক্তি রূপসাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ দিয়ে হত্যা করবেন বলে মেসেজে জানিয়েছেন পূজাকে।
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রূপমপত্নী। এর আগেও ওই ব্যক্তির থেকে হুমকি পেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘ওঁর মস্তিষ্কে একটু সমস্যা আছে। অনেকদিন ধরেই চলছে। একবার ভালো বলে, একবার খারাপ বলে। এ নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। ওঁর চিকিৎসা চলছে। আজ পূজাকে নিয়ে অনেক কিছু লিখেছে, ওঁর বাবা মাকে নিয়ে বলেছেন, সে জন্য পোস্ট করেছে। নইলে বহুদিন ধরেই চলে আসছে। আমরা এটা খুব একটা পাত্তা দিই না।’
পূজার ওই পোস্টেও মন্তব্য করেছেন রূপসা। লিখেছেন, ‘আমি রাহি চক্রবর্তীকে বহু বছর ধরে চিনি। আজকের সকালের আগে পর্যন্ত আমি ওঁকে ক্রমাগত সাহায্য করে গেছি। রাহি রূপমকে নিয়ে ভীষণ অবসেসড। দিনরাত আমি ওর অসংখ্য মেসেজ পাই। কখনও আমি ওর কাছে দিদি, কখনও ওর টিচার, কখনও বাংলা রক সঙ্গীতের জন্য অনেক কিছু করেছি এমন একজন মানুষ, কখনও ব্যান্ড কী করে ম্যানেজ করতে হয় সেটা শেখানোর লোক। পরদিনই আবার ও বলে আমি নাকি বাংলা রককে শেষ করে দিয়েছি। কখনও আমায় রূপসা দাশগুপ্ত বলে, কখনও কাকিমা, কখনও আবার ভিলেন, সবটাই ওর মুডের ওপর আর সেদিন ও কোন গল্প বলছে সেটার ওপর নির্ভর করে।’
তিনি আরও লেখেন, ‘সে এরকম একাধিক মেসেজ করেছে যেখানে আত্মহত্যা করার কথা বলেছে। জানিয়েছে নিজেই নিজের কুকুরকে মেরেছে। সে নাকি আমাকে আর রূপমকে কেনার ক্ষমতা রাখে।’
এ নিয়ে আইনি পদক্ষেপ নেবেন কি না জানতে চাইলে রূপসা জানান রাহি নামের ওই ব্যক্তির সব স্ক্রিনশট আছে তার কাছে। চাইলে আগেই আইনি পদক্ষেপ নিতে পারতেন। তবে এড়িয়ে গেছেন।
বিজ্ঞাপন
সেইসঙ্গে রূপসার দাবি, ওই ব্যক্তি এআই দ্বারা ভিডিও বানিয়ে ছড়িয়েছেন। এরকম বিরক্তির পরও তাকে এত্যদিন সাহায্য করেছেন বলে জানান। তবে সম্প্রতি নিরাপত্তার প্রশ্ন ওঠায় বল্ক করে রেখেছেন বলে জানান ফসিলসের ম্যানেজার।
আরআর




