বিতর্ক পিছু ছাড়ে না বলিউড র্যাপার বাদশার। এবার গুঞ্জন উঠেছে, নিষেধাজ্ঞা সত্তেও পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে জোট বেঁধেছেন। ফলে বিতর্ক দিয়েছে মাথাচাড়া। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেছেন বাদশা। কালো প্যান্টে নীল শার্টে দেখা গেছে বাদশাকে। পাশে দাঁড়িয়ে এক ‘রহস্যময়ী’। পরনে ফিনফিনে সাদা রঙের পোশাক। ছোট করে কাটা চুল।
বিজ্ঞাপন
পেছন করে দাঁড়ানো বলে মুখ দেখা যাচ্ছে না। তাই বলে থেমে নেই নেটিজেনরা। তাদের আন্দাজ রহস্যময়ী আর কেউ নন, হানিয়া আমির। মন্তব্যের ঘরে পাকিস্তানি এ মডেল ও অভিনেত্রীর নাম নিয়েছেন অনেকে।
একজন প্রশ্ন করেছেন, “ও কি হানিয়া আমির?” অন্য একজনের প্রশ্ন, “মনে হচ্ছে উনি হানিয়া! চেহারার গড়ন দেখে তাই মনে হচ্ছে।” “এটা কি নতুন কোনও কাজের জন্য?” প্রশ্ন ছুড়েছেন কেউ কেউ।
কেউ কেউ আবার নিষেধাজ্ঞার বিষয়টি টেনে এনেছেন। ক্ষোভ ঝেড়ে প্রশ্ন করেছেন, “আমরা বাদশার নতুন মিউজ়িক ভিডিয়ো দেখতে চাই। কিন্তু তাই বলে হানিয়ার সঙ্গে? দেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হানিয়ার সঙ্গে কেন কাজ করবেন?”
এসব নিয়ে মুখ খোলেননি র্যাপার। তাই সহসা ধোঁয়াশা কাটছে না। যদিও নিন্দুকেরা বাদশার অপেক্ষায় নেই। ২০২৫-এর এপ্রিল থেকে ভারতে নিষিদ্ধ পাকিস্তানের শিল্পীরা। ভারতীয়রা যেন পাকিস্তানিদের সঙ্গে কোনো কাজ না করেন, সেই নির্দেশিকাও রয়েছে। সেসব মনে করিয়ে খোঁচাচ্ছেন তারা।




