‘রেহানা মারিয়ম নূর’ দিয়ে দর্শক বোদ্ধাদের নজর নিজের দিকে নেন পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ। এবার সবার মনোযোগ বৃত্ত তৈরি করছে তার নির্মিত সিরিজ ‘অ্যানি’কে কেন্দ্র করে। গতকাল সোমবার প্রকাশ পেয়েছে এর ট্রেলার।
এক মিনিট ৪০ সেকেন্ডের সে ট্রেলারে দেখা গেছে নাজিফা তুষি, সাইমন সাদিক, ইয়াশ রোহান, সারিকা সাবরিনসহ বেশ কয়েকজনকে। ট্রেলারে চেনা মুখগুলোর (অভিনয়শিল্পীরা) অচেনা রূপ রীতিমতো চমকে দিয়েছে নেটিজেনদের।
বিজ্ঞাপন
রইদের সাদুর বউ হিসেবে দর্শকের মনে ও মস্তিষ্কে গেঁথে যাওয়া তুষির অ্যানিরূপে ধাক্কা-ই খেতে হয়েছে। চরিত্র থেকে চরিত্রে ভ্রমণ করা অভিনেত্রীকে প্রান্তিক অঞ্চলের পাগলী থেকে বের করে যে এভাবে উপস্থাপন করবেন নির্মাতা ভাবতে পারেনি কেউ!
একই কথা বলতে হবে চিত্রনায়ক সাইমনের ক্ষেত্রে। অ্যানির ট্রেলারে বাণিজ্যিক সিনেমার এ তারকার ট্রান্সফরমেশন যেন লা জবাব! সিরিজটির জন্য সাদের হাতে গড়া সাইমনকে দেখে সহকর্মীরাও চোখ কচলে তাকাচ্ছেন। জানাচ্ছেন অভিনন্দন। কারও কথায়, এটি তার ক্যারিয়ারের বড় অর্জন।
ইয়াশ রোহানকে ভেঙেচুরে সাদ এমন-ই রূপ দিয়েছেন যে অন্যদের চেনা গেলেও তাকে চিনতে কষ্ট হচ্ছে অধিকাংশের। কেউ কখনও ভাবেনি নাটকের নম্র ভদ্র চরিত্রের গণ্ডিতে আটকে থাকা ইয়াশ এমন রূপে ধরা দেবেন।
সিরিজের নামভূমিকায় আছেন তুষি। চরিত্রটি সেবিকার। পাঁচ ভাইবোনকে আগলে রাখার লড়াইয়ে দেখা যাবে তাকে। হঠাৎ বদলায় তার জীবনের গতিপথ। তুমুল প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে চরিত্রটি।
বিজ্ঞাপন
জার্মানির কোলনে ‘সিনেনোভা’ ভেন্যুর থিয়েটার ৩-এ মঙ্গলবার বিশ্ব প্রিমিয়ার হয়েছে সিরিজ অ্যানির। এতে আরও অভিনয় করেছেন ফারহানা মিঠু, নাজাহ প্রমুখ।




