‘এভার আফটার’ এবং ‘লে মিজেরাবল’ খ্যাত হলিউড অভিনেতা প্যাট্রিক গডফ্রে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
লন্ডনভিত্তিক অভিনয়শিল্পী ব্যবস্থাপনা সংস্থা ‘মার্কহাম, ফ্রগাট অ্যান্ড আরউইন’ এক বিবৃতিতে বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ৪ জুন প্যাট্রিক গডফ্রে তাঁর নিজ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
১৯৩৩ সালের ১৩ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করা প্যাট্রিক গডফ্রে বিবিসি’র রেডিও ড্রামা কোম্পানির মাধ্যমে তাঁর বিনোদন জগতের যাত্রা শুরু করেছিলেন। এরপর ১৯৭২ সালে রয়্যাল শেকসপিয়র কোম্পানির প্রযোজনায় জন গ্লেনিস্টার এবং রবিন ফিলিপসের ‘মিস জুলি’র টেলিভিশন সংস্করণের মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে।
![]()
প্যাট্রিক গডফ্রে অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘এ রুম উইথ আ ভিউ’, ‘ক্লকওয়াইজ’, ‘মরিস’, ‘দ্য কাউন্ট অব মন্টি ক্রিস্টো’, ‘অলিভার টুইস্ট’, ‘লে মিজেরাবল’ এবং ‘মোগলি: লেজেন্ড অব দ্য জঙ্গল’। এ ছাড়া ড্রিউ ব্যারিমোরের সাথে ‘এভার আফটার’ ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল, যেখানে অ্যাঞ্জেলিকা হাস্টন, ডুগরে স্কট ও মেলানি লিনস্কির মতো তারকারাও অভিনয় করেছিলেন।
বিজ্ঞাপন
চলচ্চিত্রের পাশাপাশি ‘ডক্টর হু’, ‘মিডসোমার মার্ডার্স’, ‘ডক মার্টিন’ এবং ‘হিজ ডার্ক মেটেরিয়ালস’-এর মতো একাধিক জনপ্রিয় টেলিভিশন সিরিজেও দেখা গেছে এই অভিনেতাকে। শুধু অভিনয়ে সীমাবদ্ধ না থেকে তিনি ‘বায়োশক ২’, ‘রেড ডেড রিডেম্পশন’ এবং ‘রেড ডেড রিডেম্পশন ২’-এর মতো বিশ্বখ্যাত ভিডিও গেমগুলোতে কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেছেন। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী অভিনেত্রী আমান্ডা ওয়াকার এবং দুই সন্তানকে রেখে গেছেন।




