রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

গিটার না, শাকিবের হাতে বন্দুক দেখতে চান ভক্তরা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

গিটার না, শাকিবের হাতে বন্দুক দেখতে চান ভক্তরা! 

শাকিব খানের ঈদের ছবি ‘রকস্টার’ নিয়ে অনেকের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু তা ছুঁতে পারা দূরের কথা মুক্তির পর কোমর সোজা করতেই পারেনি সিনেমাটি। মন ভরেনি শাকিবিয়ানদেরও। হল মালিকরা মনে করছেন শাকিবের হাতে বন্দুক দেখতে চান ভক্তরা, গিটার না। সোজা করে বললে, অ্যাকশনধর্মী সিনেমায় প্রিয় তারকাকে দেখতে চান ভক্তরা।

‘রকস্টার’ চালিয়ে হতাশ ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ। এমন ভড়াডুবির কারণ কী বলে মনে করেন— উত্তরে ছবির প্রশংসা করে তিনি বলেন, ‘স্টাফদের সঙ্গে কথা বলে জানলাম, শাকিবের দর্শকরা অ্যাকশনধর্মী সিনেমা চায়। এ ছবিতে মারামারি নেই। অর্থাৎ তারা যেরকম শাকিবকে চায় সেরকম পাচ্ছে না। তাই কেউ দেখছে না।’ 

একই সুর রাজধানীর শ্যমলী সিনেমা হলের হাউজম্যান আহসান উল্লাহর কণ্ঠে। তিনি বলেন, ‘যারা দেখছেন তাদের অধিকাংশ অসন্তুষ্ট। শাকিবের নতুন অবতার নিতে পারছেন না তারা। প্রিয়তমা, বরবাদ, নবাবে যে শাকিবকে পেয়েছিলেন ওই মারদাঙ্গা শাকিবকে চান তারা।’

shakib-khan-prince-mnr21r6eah13zmk-20260409115032

‘রকস্টার’ চালিয়ে লোকসানে পড়া চট্টগ্রামের সুগন্ধা হলের ব্যবস্থাপনা পরিচালক সাইফ হোসাইন বলেন, ‘শাকিব খানের দর্শকের বড় অংশ মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। শাকিবকে তারা অ্যাকশন ধর্মী সিনেমায় দেখতে চান। এই অবতার নিতে পারছেন না তারা। ফলে ছবিটি দর্শক পায়নি। আমরা লোকসানে পড়ছি।’


বিজ্ঞাপন


চাঁপাইনবাবগঞ্জের রাজমহল সিনেমা হলে কোমর সোজা করতে পারেনি আরিফিন শুভর ‘মালিক’। ম্যানেজার আব্দুল হক বলেন, ‘আমাদের চাপাইয়ে শাকিবের দর্শক বেশি। সেকারণেই শুভ সুবিধা করতে পারলেন না।’

শাকিবের ভক্ত বেশি জানা সত্ত্বেও ‘রকস্টার’ নেননি কেন— জানতে চাইলে বলেন, ‘আগেই বুঝতে পেরেছিলাম প্রিন্সের মতো ধরা খাব। সেজন্য নেইনি। কারণ দর্শক গিটার হাতে শাকিবকে দেখতে চায় না। অ্যাকশনে দেখতে চায়।’

king

ঢাকার অদূরের উপজেলা শহর নাগরপুরের রাজিয়া সিনেমা হলে দায়িত্বে থাকা মো. আমিন বলেন, ‘শাকিবের অভিনয় নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু সিনেমার নাম রকস্টার হলেও সেরকম গান নেই। সেকারণে দর্শকের পোষাচ্ছে না।’

কুমিল্লায় অবস্থিত মাল্টিপ্লেক্স কে স্ক্রিনেও জমেনি ‘রকস্টার’। কর্ণধার খোরশেদ আলম খসরু হতাশ। ছবিটির বেহাল দশার কারণ কী বলে মনে করছেন জবাবে তিনি বলেন, ‘গল্পটা হয়তো মনপুত হয়নি দর্শকের। এখানে শাকিবকে যেরকম দেখা তারা হয়তো সেটায় অভ্যস্ত না। এই প্যাটার্নে নিতে পারছে না তারা। তাদের আলোচনা সমালোচনা এরকমই মনে হলো।’

তবে ঢাকার অদূরে কেরানিগঞ্জে অবস্থিত লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আব্দুল খালেকের মন্তব্য, ‘একটি মিউজিক্যাল ছবির অন্তত দুই একটা গান মানুষের মুখে মুখে চলার কথা। কিন্তু এখানে তা নেই। তবে শাকিবের অভিনয় বা অন্য কিছু নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু মানুষের মুখে মুখে চলার মতো দুটি গান প্রয়োজন ছিল।তাছাড়া টিজার যেরকম দর্শককে টেনেছে গল্প সেরকম টানতে পারেনি।’ 

shakib

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলের কথায়, ‘ছবিতে নতুনত্ব আছে। কিন্তু দেশের দর্শক কি চাচ্ছেন সেটাকেও গুরুত্ব দিতে হবে। সমন্বয় না হওয়াতেই এই অবস্থা বলে মনে হচ্ছে।’

‘রকস্টার’ নির্মাণ করা হয়েছে সান কমিউনিকেশনের ব্যানারে। পরিচালক আজমান রুশো। শাকিব ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর