প্রকাশের পর-ই মুগ্ধতা ছড়ায় ‘রইদ’-এর পোস্টার। মুক্তির পরও রেশ কাটেনি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উন্মাদনা চলছে তালের রাজ্যে নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরানের সে ছবি নিয়ে।
নেটিজেনরা সমসাময়িক বিভিন্ন ইস্যুর রংয়ে মনমতো করে রাঙাচ্ছেন পোস্টারটি। তুষি-নূর থাকলেও থাকছে না তাল। নেটিজেনরা সেখানে দিচ্ছেন পিজ্জা, কলাসহ বিভিন্ন কিছু। প্রচণ্ড গরমের আঁচ দিতে কেউ জুড়ে দিচ্ছেন বরফ!
বিজ্ঞাপন
আর কয়েক দিনের দুরত্বে বিশ্বকাপ ফুটবল। সে উন্মাদনাও ঠাই পেয়েছে ‘রইদ’-এর পোস্টারে। একটি ছবিতে দেখা গেছে পোস্টারজুড়ে তালের বদলে জায়গা পেয়েছে বিশ্বকাপের ছবি। তুষির গায়ে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি, এক হাতে বিশ্বকাপ। অন্যদিকে মোস্তাফিজ নূর ইমরানের জায়গায় ব্রাজিলের ফুটবল দলের সদস্য নেইমার। তিনি হাত বাড়িয়ে তুষির কাছে যেন বিশ্বকাপটি চাইছেন!
ছবিটি চোখে পড়েছে তুষির। নিজের ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, ‘কিন্তু আমি তো ব্রাজিল আমাকে কেন আর্জেন্টিনা দিলেন…’
অন্য ছবিগুলোও শেয়ার দিয়েছেন অভিনেত্রী। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘নিজের সিনেমার পোস্টার নিয়ে এরকম উন্মাদনা দেখতে ভালো লাগছে। ট্রেন্ডি বিষয়গুলো উঠে আসছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং।’
সিনেমা হলে মুক্তির আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুবাস ছড়াচ্ছে রইদ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যাম— আইএফএফআর-এ টাইগার প্রতিযোগিতায় (মূল প্রতিযোগিতা) ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।
বিজ্ঞাপন
সিনেমাটি গড়ে উঠেছে সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে। মূল পাত্র-পাত্রী নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন।




