ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনী স্থগিত করেছে আয়োজক কর্তৃপক্ষ| পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি এই প্রদর্শনীর আয়োজন করেছিল| আজ শনিবার (৩০ মে) বেলা তিনটার দিকে জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ছবিটির প্রদর্শনী হওয়ার কথা ছিল| এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি প্রদর্শনী স্থগিতের বিষয়টি জানায়| এতে উল্লেখ করা হয় শিগগিরই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে প্রদর্শনীর নতুন তারিখ ঘোষণা করা হবে|
প্রসঙ্গত, ছবির প্রদর্শনী ঘিরে জেলার কওমী ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীরা সিনেমাটি প্রদর্শন না করার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা পোস্ট করেছেন| ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেয়া হয়| এতে উদ্বেগ দেখা দেয়| পরে বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করে তারা ছবি প্রদর্শনের কোনো অনুমতি দেয়নি| যদিও আয়োজক পক্ষ বারবার বলছে, বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অনুমতি দিয়েছে|
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ জানান, আয়োজক কমিটি প্রদর্শনীর বিষয়ে প্রশাসনকে অবহিত করেনি| এছাড়া প্রদর্শনী নিয়ে পক্ষে-বিপক্ষে ফেসবুকে আলোচনা-সমালোচনা ছিল| তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে আপাতত ছবির প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে|
ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি| জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই সংগঠনের সদস্য| এক বছর ধরে ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করে আসছিলেন তাঁরা| সংগঠনটি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তানিম নূর পরিচালিত চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করে|
প্রতিনিধি/আরআর




