আজ ২৯ মে বাংলা চলচ্চিত্রের উজ্জ্বলতম নক্ষত্র হুমায়ুন ফরীদির জন্মদিন। ১৯৫২ সালের এই দিনে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন তিনি। দিনটিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণা করছেন। তাদের একজন অভিনেতা রওনক হাসান। সামাজিক মাধ্যমে ফরীদির সঙ্গে তার শেষ সাক্ষাতের গল্পটি ভাগ করে নিয়েছেন।
নিজের ফেসবুকে রওনক লিখেছেন, ‘উত্তরার লাবনী শুটিং হাউজ থেকে আমি বেরিয়ে যাচ্ছিলাম আর তিনি (হুমায়ুন ফরীদি) ঢুকছিলেন। গেটের বাইরে দেখা। আমি সালাম দিলাম। তিনি বললেন, ওলাইকুম… তোমার অভিনয়ে আমার প্রভাব আছে।’
বিজ্ঞাপন
রওনক লিখেছেন, ‘আমি কুঁকড়ে গিয়ে বললাম, জ্বি ভাই আপনি তো কিছু বাদ রাখেননি। সব চরিত্রই তো আপনি করেছেন। তাই… হুমায়ুন ফরিদি তখন বললেন, আরে না না প্রভাব থাকা দোষের কিছু না কিন্তু অমুক তো (নামটা বললাম না) হুবুহু কপি করে।’
রওনকের কথায়, ‘আমি চুপ। তিনিও একটু চুপ থেকে আমার তখনকার গাড়িটা দেখে বললেন - এইটা তোমার গাড়ি? আমি বললাম জ্বি ভাই। তিনি বললেন, তোমার টেষ্ট ভালো। আমি বললাম, থ্যাংক ইউ ভাই।’
রওনকের কথায়, ‘আবার দুই সেকেন্ড চুপ হঠাৎ তিনি বললেন, আমারও এই গাড়ি ছিল হা হা হা হা। হাসতে হাসতে চলে গেলেন। এই তাঁর সঙ্গে আমার শেষ দেখা। সেই হাসি আজো কানে বাজে। প্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদী। শুভ জন্মদিন।’
১৯৬৪ সালে কিশোরগঞ্জে মহল্লার একটি নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু হুমায়ুন ফরীদির। এরপর নাম্লেখান টিভি নাটকে। সেখানে তুমুল জনপ্রিয়তা পেয়ে নাও ভেড়ান ঢালিউডে। পরিণত হন ইন্ডাস্ট্রির অপ্রতিদ্বন্দ্বী খলনায়কে। ২০১২ সালে ১৩ ফেব্রুয়ারি মৃত্যু হয় তার।




