বছরের অন্য সময়গুলোতে দেশের সিনেমা হলে দর্শক যেন সোনার হরিণ। তাই লগ্নি ফেরত পেতে ঈদকে উপযুক্ত মনে করা হয়। মেগাস্টার, স্টার— সবার সিনেমা মুক্তির হিড়িক পড়ে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। কোরবানি ঈদ উপলক্ষে আগামীকাল ২৮ মে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা। সবগুলো কিন্তু ক্লিন ইমেজের না। মামলা, পারিশ্রমিক বকেয়ার অভিযোগ, বিতর্কও কোনো কোনোটার সঙ্গী।
রকস্টার
বিজ্ঞাপন
মুক্তিপ্রতীক্ষিত ছবিগুলোর মিছিলে সবচেয়ে এগিয়ে শাকিব খানের ‘রকস্টার’। পোস্টার, টিজার, গানে মুগ্ধতা ছড়িয়েছে। বেশ কয়েকটি লুকে শাকিবও মন ভরিয়েছেন। আগ্রহ বাড়িয়েছে সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েকের ঝা চকচকে উপস্থিতি। কৌতূহলী দর্শক। অনেকের ধারণা গেল ঈদে ‘প্রিন্সে’র ভরাডুবিতে চুপসে যাওয়া কিং খান এবার আজমান রুশো পরিচালিত ‘রকস্টারে’র ছোঁয়ায় ফের সাফল্যের রসে টইটম্বুর হবেন।
রইদ
‘হাওয়া’ দিয়ে সিনেমা হলে ঝড় তুলেছিলেন মেজবাউর রহমান সুমন। এবার আনছেন দ্বিতীয় সিনেমা ‘রইদ’। হলে কতটা রোদ উঠবে সে প্রশ্ন অনেকের। যদিও ট্রেলার, পোস্টার, গান ষোলোআনা প্রশান্তি দিয়েছে নেটিজেনদের। প্রচারেও সামনের সারিতে। তবে ছবির গায়ক কানাই দাস বাউলের মৃত্যু আক্ষেপের পেরেক ঠুকেছে পরিচালকের মনে। ‘মন ছাড়া কি’ গানটি শোনাতে পারেননি কিংবদন্তিকে।
একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুবাস ছড়ানো এ সিনেমা গড়ে উঠেছে সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে। মূল পাত্র-পাত্রী নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান।
বিজ্ঞাপন
বনলতা সেন
কবি জীবনানন্দ দাসের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ নিয়ে একই নামে আস্ত সিনেমা বানিয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল। প্রচারণায়ও দেখিয়েছেন চমক। পোস্টার-ট্রেলার-গান দিয়ে দুদণ্ড শান্তি দিলেও জীবনানন্দ দাসের বনলতা সেনকে উজ্জ্বলের হাতে পড়ে দাঁড়াতে হয়েছে আদালতের কাঠগড়ায়। সহ-প্রযোজক তরুণ মজুমদার ও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল পাল্টাপালি অভিযোগে বইতে হচ্ছে মামলার বোঝা।।
সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। বনলতা সেন মাসুমা রহমান নাবিলা। আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশি প্রমুখ।
মালিক
আরিফিন শুভ গেল বছর ‘নীলচক্র’ সিনেমা দিয়ে ফিরলেও ফলাফল সুখকর ছিল না। এবার মুক্তির অপেক্ষায় তার ‘মালিক’। বিপরীতে বিদ্যা সিনহা মিম। ট্রেলার ও গানে সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন অভিনেত্রী। শুভকে দেখা গেছে মারকাটারি লুকে।
তবে অভিযোগের বাণে জর্জরিত ‘মালিক’। মুক্তির ঘোষণা দিতেই বকেয়া পারিশ্রমিক, ট্রেলারে নামের বানান ভুলের অভিযোগ এনেছেন চিত্রনাট্যকার সিদ্দিক আহমেদ। দিয়েছেন মামলার হুঁশিয়ারি। ছবির শিল্প নির্দেশক এমডি রিঙ্কুও সামাজিক মাধ্যমে জানিয়েছেন তার পারিশ্রমিক এখনও বকেয়া।
পিনিক
কয়েক ঈদে আসি আসি করে অবশেষে আসছে জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’। যদিও প্রচারণায় চমক দেখাতে পারেনি। শেষ মুহূর্তে গান শেয়ার দিয়েছে। এ ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী ও আদর আজাদ।
মাসুদ রানা
অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ‘মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেনের স্পাই থ্রিলার উপন্যাসের জনপ্রিয় চরিত্র মাসুদ রানাকে ফের দেখা যাবে বড়পর্দায়। পরিচালক সৈকত নাসির। নাম ভূমিকায় রাসেল রানা। সঙ্গে পূজা চেরি ও সৈয়দা তৌহিদা হক তিথী।
এরইমধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার ও গান। নেটিজেনদের দাবি ট্রেলারে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইয়ের অত্যাধিক ব্যবহার হয়েছে। কেউ কেউ ‘এআই রানা’ বলেও খোঁচাচ্ছেন। তবে প্রযোজনা সংস্থা জাজা মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেছেন, ‘এআই দিয়ে আমরা কোনও আর্টিস্টের অভিনয় করাই নাই। এআই এবং ভিএফএক্স নিয়ে দৃশ্যগুলোকে আরও বড় ও আকর্ষণীয় করে তোলা হয়েছে। এখানে ভিএফএক্সের সঙ্গে এআইয়ের দারুণ সমন্বয় ঘটেছে।’
দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল
মুক্তির মিছিলে ছাত্ররাজনীতি ও তরুণদের বাস্তব জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়েদ, ইফাদ হাসান ও নিলয় বালা। তবে হল না পাওয়ার শঙ্কা সিন্দাবাদের ভূতের মতো কাঁধে চেপে আছে ছবিটির। যদিও নির্মাতা আকাশ হক জানিয়েছেন হল না পেলে বিকল্প পদ্ধতিতে নিজেদের সিনেমা দেখাবেন তারা।
তছনছ, অফিসার
মুক্তির মিছিলে আছে মুন্না খান অভিনীত ও প্রযোজিত ‘তছনছ’। শেষ মুহূর্তে এসে ছবির নায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন মুন্না। সম্প্রতি মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদসম্মেলনে উপস্থিত হননি অভিনেত্রী। এতে ক্ষুব্ধ নায়ক তার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন। ‘তছনছ’ ছাড়াও মুক্তি পাচ্ছে বদিউল আলম খোকনের আরও একটি ছবি ‘অফিসার’। এতে অভিনয় করেছেন ডিএ তায়েব। তবে ছবি দুটির নিয়ে প্রত্যাশা দেখা যায়নি নেটিজেনদের মাঝে।
আরআর




