গেল রোজার ঈদে ডিসিপি জটিলতা হয়ে উঠেছিল মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর জন্য মরার ওপর খাঁড়ার ঘা। এর অন্যতম উদাহরণ শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। সময়মতো ডিসিপি তথা ডিজিটাল সিনেমা প্যাকেজ জমা না দেওয়ায় অনেক হলে ঈদের দিন ছবিটি উপভোগ করতে পারেননি দর্শক। স্টার সিনেপ্লেক্সে চারদিন অধরা ছিল ছবিটি। অন্য ছবিগুলোও ডিসিপি জমা দিয়েছিল শেষ ভাগে এসে।
এবারও ডিসিপি জমা দেয়নি অধিকাংশ সিনেমা। ভোগান্তি এড়াতে মুক্তিপ্রতীক্ষিত সিনেমাগুলোকে সময়মতো ডিসিপি জমা দেওয়ার আহ্বান জানালেও সাড়া মেলেনি। বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘গত রোজার ঈদে সময়মতো ডিসিপি জমা দেয়নি ছবিগুলো। এতে জটিলতা তৈরি হলে সমস্ত অভিযোগ আমাদের ওপর চাপানো হয়। এবারও একই বিষয় দেখছি। এখনও অধিকাংশ সিনেমা ডিসিপি জমা দেয়নি। এজন্য পরে কোনো টেকনিক্যাল সমস্যা হলে দায়ভার আমরা নিতে পারব না।’
এরপর বলেন, ‘গত ঈদে ডিসিপি জটিলতা প্রকট আকার ধারণ করায় আমরা এবার সতর্ক অবস্থানে ছিলাম। বারবার মুক্তিপ্রতীক্ষিত সিনেমা সংশ্লিষ্টদের সময়মতো ডিসিপি জমা দিতে বলেছি। কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আজকের দিন শেষ। এখন পর্যন্ত ডিসিপি নেই। আগামীকাল ২৭ মে চাঁদ রাত। দেখা যাবে ডিসিপি দিতে দিতে রাত ১২-২টা বেজে যাবে।’
ডিসিপির অভাবে উদ্ভূত সমস্যাগুলো নিয়ে এ কর্মকর্তা বলেন, ‘সময়মতো ডিসিপি না পেলে আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়। এরমধ্যে একটি হচ্ছে শিডিউলজনিত জটিলতা। আজ ডিসিপিগুলো পেলে শিডিউল জানিয়ে দিতে পারতাম। ফলে অনলাইনে টিকিট সংগ্রহের জন্য দর্শকরা দুই দিন সময় পেতেন। কিন্তু সেটি সম্ভব হলো না। আগামীকাল চাঁদ রাতে শিডিউল দিলে অনলাইনে হুমড়ি খেয়ে পড়বেন দর্শক। ফলস্বরূপ আমাদের সার্ভার ক্রাশ করবে।’
সবশেষে মেসবাহ উদ্দিন বলেন, ‘অনেক কাকুতি-মিনিত করার পরও তারা ডিসিপি দিচ্ছেন না। এটা খুব দুঃখজনক। এতে যদি পরে কোনো প্রযুক্তিগত সমস্যা হয় তবে দায়ভার তাদের নিতে হবে। আমরা নেব না।’
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে দেখা গেল যমুনা ব্লকবাস্টারেও একই চিত্র। ম্যানেজার মাহবুব জানালেন অধিকাংশ সিনেমার ডিসিপি হাতে পাননি। তবে আগামীকাল ২৭ মের মধ্যে পেয়ে যাবেন বলে আশা রাখছেন তিনি।




