দরজায় কড়া নাড়ছে কোরবানি ঈদ। আসন্ন ঈদে দেশের প্রেক্ষাগৃহ মাতাতে প্রস্তুত ঈদের আলোচিত সিনেমাগুলো। ইতোমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘রকস্টার’ এবং ‘মাসুদ রানা’। ছবি দুটি ‘ইউ’ সার্টিফিকেট পেয়েছে। ফলে সব বয়সের দর্শক হলে বসে ছবিগুলো উপভোগ করতে পারবেন।
আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েক ও তারিক আনাম খানসহ আরও অনেকে। সান মোশন পিকচার্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু। চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নীরব।
বিজ্ঞাপন
এদিকে, ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ‘মাসুদ রানা’ ছবিটির মূল শুটিং প্রায় পাঁচ বছর আগে শেষ হয়েছিল। তবে একটি গান ও কয়েকটি বিশেষ দৃশ্যের কাজ বাকি থাকায় এতদিন এটি আটকে ছিল। সম্প্রতি বাকি দৃশ্যগুলোর শুটিং শেষ করার পর ছবিটির মুক্তির ঘোষণা দেয় ছবির প্রযোজনা সংস্থা।
এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন তরুণ অভিনেতা রাসেল রানা। তাঁর সঙ্গী হয়ে ‘সোহানা’ চরিত্রে পর্দায় হাজির হবেন চিত্রনায়িকা পূজা চেরি এবং ‘অবনিতা’ চরিত্রে দেখা যাবে সৈয়দা তিথি অমনিকে।




