সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

‘রাগ করলা’ ডায়লগ দেওয়া ব্যক্তি সম্পর্কে যা জানা গেল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

‘রাগ করলা’ ডায়লগ দেওয়া ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’ ডায়ালগটি এখন সবার মুখে মুখে। ফেসবুক, টিকটক কিংবা ইউটিউবের পাতা ওল্টালেই চোখে পড়ছে এই দৃশ্য। সাধারণ নেটিজেন থেকে শুরু করে নামী তারকারাও এখন মেতেছেন এই ট্রেন্ডে। তবে এ ডায়ালগ দিয়ে নেট দুনিয়া কাঁপানো ব্যক্তিটি আসলে কে, তা নিয়ে উৎসুক জনতার কৌতূহলের শেষ নেই। অনেকেই তাকে কবিরাজ ভাবলেও জানা গেছে তিনি মূলত একজন পেশাদার অভিনেতা, যার নাম ঈমান আলী।

জানা গেছে, ভাইরাল হওয়া ঈমান আলী কবিরাজের ছদ্মবেশে ক্যামেরার সামনে এসেছিলেন। প্রায় দুই থেকে আড়াই দশক আগে ভাগ্যের চাকা ঘোরাতে সপরিবারে লালমনিরহাট জেলা থেকে গাজীপুরে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেই থেকে গাজীপুরেই স্থায়ীভাবে বসবাস করছেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তীব্র ঝোঁক ছিল তার। একটা সময় সেই শখটাই ডালপালা মেলে পেশায় রূপ নেয়। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মের অভিনয়কে জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে অভিনয় করেন তিনি। 


বিজ্ঞাপন


সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব নাটকের দৃশ্যে কবিরাজের চরিত্রে অভিনয় করার সুযোগ পান ঈমান আলী। সেখানে তার অদ্ভুত বাচনভঙ্গি, চোখের ইশারা আর বিশেষ কায়দায় বলা ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’ সংলাপটি রাতারাতি লুফে নেয় নেট দুনিয়া। মুহূর্তের মধ্যেই লাখ লাখ ভিউ এবং শেয়ারের বন্যায় এটি ভাইরাল কনটেন্টে পরিণত হয়।

হঠাৎ এমন আকাশচুম্বী জনপ্রিয়তা ও দেশজুড়ে পরিচিতি পাওয়া নিয়ে ঈমান আলী গণমাধ্যমকে বলেন, ‘অভিনয়ের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পরিচিত হওয়ার একটা সুপ্ত ইচ্ছা আমার সবসময় ছিল। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আজ সেই ইচ্ছা পূরণ হয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার করা দরকার, আমি কিন্তু পেশাদার কোনো কবিরাজ নই। অভিনয়ের খাতিরে আমি শুধু চরিত্রটাকে ফুটিয়ে তুলেছি। আমাকে কবিরাজ ভেবে   অনেকেই ভুল করছেন। ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ অভিনয় ছিল এবং এটি শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। আমি যতদিন বেঁচে থাকবো, এভাবেই মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করে যাব।’

ভাইরাল ঈমান আলী সম্পর্কে প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অভিনয়ের সাথে জড়িত এবং ভীষণ মিশুক একজন মানুষ। তবে এই একটি ডায়ালগ তাকে রাতারাতি পুরো দেশের মানুষের কাছে পরিচিত করে তুলেছে। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর