জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর খবরে শোক প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন অভিনেতা আবদুল্লাহ রানা। সদ্যপ্রয়াত অভিনেত্রীর রাজনৈতিক অবস্থান নিজের আদর্শের পরিপন্থী হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
কারিনার মৃত্যু প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবদুল্লাহ রানা বলেন, ‘এই ইস্যু নিয়ে আমার কিছু বলার নাই। হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত কিন্তু আমি করব না। কারণ তার রাজনৈতিক অবস্থান আমার আদর্শের সাথে যায় না।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘অভিনেতা অবশ্যই রাজনৈতিক একটা আদর্শ নিয়ে চলবে। কিন্তু সেই আদর্শটি সে তো রাস্তায় মিছিল, মিটিং বা দলবাজি করে প্রমাণ করবে না। একজন অভিনেতা তার রাজনৈতিক আদর্শ প্রকাশ করবেন তার কার্যক্রম, অভিনয় আর নির্মাণের মাধ্যমে। কিন্তু সেগুলো বাদ দিয়ে সে যখন রাজনৈতিক পরিচয় নিয়ে দলবাজি, ধান্দাবাজি করবে সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ শিল্পী সকলের, শিল্পী কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের না।’

রাজনীতিতে জড়ানোর বিষয়টিকে ঢালাওভাবে ভুল বলতে রাজি নন তিনি। আবদুল্লাহ রানার ভাষায়, ‘শিল্পী হিসেবে রাজনীতিতে প্রকাশ্যে জড়ানো উচিত না। শিল্পীর রাজনৈতিক আদর্শ থাকবে। এটা আমার অভিমত, তার মানে যে এটাই শতসিদ্ধ তা তো না। একজন অভিনেতা রাজনীতি করেও অভিনয় করতে পারেন, এরকম দৃষ্টান্ত পৃথিবীব্যাপী আছে। আবার একজন রাজনৈতিক কর্মী রাজনীতি করতে করতে কি তার ইচ্ছা হতে পারে না যে আমি এখন থেকে অভিনয় করব? আপনি তাকে বাদ দিবেন কীভাবে? রাজনীতি দোষের কিছু বলে আমি মনে করি না।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ১৫ মে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার। আজ রোববার দুপুরে তার মরদেহ দেশে আনা হবে। এরপর ঢাকার ডিওএইচএস মাঠে জানাজা শেষে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানার বাড়িতে তাকে দাফন করার কথা রয়েছে।




